• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, কমেছে মজুরি বৃদ্ধির হার

প্রকাশিত: ২২:১৯, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, কমেছে মজুরি বৃদ্ধির হার

ছবি: এআই জেনারেটেড

দেশে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশে, যা আগস্টে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বাড়ার কারণেই সার্বিক মূল্যস্ফীতিতে এই ঊর্ধ্বগতি দেখা গেছে। একই সময়ে কমেছে মজুরি বৃদ্ধির হার। ফলে জীবনযাত্রার ব্যয় বাড়লেও সে তুলনায় আয় বৃদ্ধির গতি কমেছে।

বুধবার (৭ অক্টোবর) সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও মজুরি হার সূচকের (ডব্লিউআরআই) তথ্য প্রকাশ করে বিবিএস।

বিবিএসের তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। আগস্টে এ হার ছিল ৭ দশমিক ০২ শতাংশ। অন্যদিকে, সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশে। আগস্টে এ হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ এবং গত বছরের সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।

বিবিএসের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে শহরের তুলনায় গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির হার কিছুটা বেশি ছিল। গ্রামে সেপ্টেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ৩১ শতাংশ।

গ্রামীণ এলাকায় খাদ্য খাতে মূল্যস্ফীতি আগস্টের ৭ দশমিক ০১ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ৭ দশমিক ১৮ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আগস্টের ৯ দশমিক ৫৯ শতাংশ থেকে সামান্য কমে সেপ্টেম্বরে হয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ।

শহর এলাকায় সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা আগস্টে ছিল ৮ দশমিক ২০ শতাংশ। শহরের খাদ্য খাতে মূল্যস্ফীতি আগস্টের ৭ দশমিক ০৪ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। বিপরীতে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আগস্টের ৮ দশমিক ৯৭ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশে।

মূল্যস্ফীতি বাড়লেও সেপ্টেম্বর মাসে মজুরি বৃদ্ধির হার কিছুটা কমেছে। বিবিএসের মজুরি হার সূচক (ডব্লিউআরআই) অনুযায়ী, সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ।
খাতভিত্তিক হিসাবে, সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ০৭ শতাংশ।

সারা দেশের ৬৪টি জেলার ১৪৩টি হাট-বাজার থেকে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এসব পরিসংখ্যান তৈরি করেছে বিবিএস।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত