তরুণদের মধ্যে দ্রুত বাড়ছে ক্যানসার, গবেষণায় মিললো চাঞ্চল্যকর তথ্য
ছবি: গার্ডিয়ান
তরুণদের মধ্যে দ্রুত বাড়ছে ক্যানসারে আক্রান্তের হার। ইংল্যান্ডে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে সাত ধরনের ক্যানসারের প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিশেষ করে প্রোস্টেট, অন্ত্র, কিডনি ও জরায়ুর ক্যানসারে আক্রান্তের হার বেড়েছে উদ্বেগজনকভাবে।
ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ড (ডব্লিউসিআরএফ) ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ক্যানসারের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পেয়েছে। গবেষণায় দেখা গেছে, ইংল্যান্ডে সাত ধরনের, যুক্তরাষ্ট্রে পাঁচ ধরনের এবং নেদারল্যান্ডসে চার ধরনের ক্যানসার ৫০ বছরের কম বয়সীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ইংল্যান্ডে ৫০ বছরের কম বয়সী পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যানসারের হার ২০০১ সালে প্রতি লাখে ১ জন থেকে বেড়ে ২০২৩ সালে ৩ দশমিক ৬ জন হয়েছে। একই সময়ে এই বয়সীদের মধ্যে অন্ত্রের ক্যানসারের হার প্রতি লাখে ৩ দশমিক ৯ থেকে বেড়ে ৮ দশমিক ৪ জনে দাঁড়িয়েছে। জরায়ু ও কিডনি ক্যানসারের হারও দ্বিগুণ হয়ে যথাক্রমে প্রতি লাখে ৩ দশমিক ৯ ও ৩ জনে পৌঁছেছে।
৫০ বছরের কম বয়সীদের মধ্যে স্তন ক্যানসারের হারও বেড়েছে। ২০০১ সালে প্রতি লাখে ৪২ জন থেকে ২০২৩ সালে তা বেড়ে ৪৭ দশমিক ৫ জন হয়েছে। একই সময়ে অগ্ন্যাশয় ও লিভার ক্যানসারের প্রকোপও বৃদ্ধি পেয়েছে।
গবেষকদের মতে, বিশ্বজুড়ে সব বয়সী মানুষের মধ্যে ক্যানসারের হার বাড়লেও তরুণদের মধ্যে অল্প বয়সে ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা তুলনামূলক দ্রুত বাড়ছে। স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ব্যায়ামের অভাব, অ্যালকোহল গ্রহণ, ধূমপান এবং পরিবেশগত দূষণ এ প্রবণতার পেছনে ভূমিকা রাখতে পারে।
ডব্লিউসিআরএফ জানিয়েছে, ক্যানসারের প্রায় ৪০ শতাংশ পরিবর্তনযোগ্য ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তবে ক্যানসারের লক্ষণ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ায় আগের তুলনায় দ্রুত রোগ শনাক্ত হওয়ার বিষয়টিও আক্রান্তের সংখ্যা বৃদ্ধির একটি কারণ হতে পারে।
কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের অধ্যাপক মার্ক ললার এই প্রবণতাকে ‘দ্রুত নিষ্ক্রিয় করা প্রয়োজন এমন একটি টাইমবোমা’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, জীবনযাপন-সম্পর্কিত ঝুঁকির কারণে হাজারো মানুষের মৃত্যুর প্রেক্ষাপটে তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক।
যুক্তরাষ্ট্রের তথ্যেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে ৫০ বছরের কম বয়সীদের কিডনি ক্যানসারের হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। এ ছাড়া অন্ত্র, জরায়ু ও অগ্ন্যাশয়ের ক্যানসার ৫০ শতাংশের বেশি এবং স্তন ক্যানসার প্রায় ২০ শতাংশ বেড়েছে।
নেদারল্যান্ডসেও ৫০ বছরের কম বয়সীদের মধ্যে অন্ত্র, কিডনি, লিভার ও জরায়ুমুখের ক্যানসারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে তিন দেশেই তরুণদের মধ্যে ফুসফুসের ক্যানসারের হার কমেছে। গবেষকদের মতে, ধূমপানের হার কমে যাওয়ার সঙ্গে এর সম্পর্ক রয়েছে।
এদিকে তরুণদের মধ্যে অন্ত্রের ক্যানসার বৃদ্ধির কারণ অনুসন্ধানে কিংস কলেজ লন্ডন ২ লাখ ৫০ হাজার মানুষকে নিয়ে নতুন একটি গবেষণা শুরু করেছে। জীবনযাপনের ঝুঁকি বৃদ্ধি নাকি রোগ শনাক্তকরণের উন্নতি—কোনটি এই প্রবণতার পেছনে বেশি ভূমিকা রাখছে, তা বোঝার চেষ্টা করা হবে গবেষণায়।
ডব্লিউসিআরএফের গবেষণা ও নীতিবিষয়ক নির্বাহী পরিচালক গিয়োটা মিত্রু বলেন, ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ক্যানসারের এই পরিবর্তনকে গুরুত্ব দিয়ে গবেষণা ও প্রতিরোধমূলক কার্যক্রম বাড়ানো প্রয়োজন।
সূত্র: গার্ডিয়ান
বিভি/পিএইচ













মন্তব্য করুন: