• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অর্থনীতি সামলাতে কঠোর মুদ্রানীতি ও সংস্কারের তাগিদ আইএমএফের

প্রকাশিত: ১৭:৪০, ১৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
অর্থনীতি সামলাতে কঠোর মুদ্রানীতি ও সংস্কারের তাগিদ আইএমএফের

উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ এবং ব্যাংক খাতের নানা সংকটের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে আবারও কঠোর মুদ্রানীতি ও টেকসই সংস্কারের ওপর জোর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকি সমন্বয় এবং ব্যাংক খাতের সক্ষমতা বৃদ্ধির মতো পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে।

তবে আইএমএফের শর্ত পূরণ ও সংস্কারের বিষয়ে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এসব সংস্কার ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।

গেল কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এই পরিস্থিতি মোকাবিলায় ২০২৩ সালে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তি করে বাংলাদেশ। তবে কঠিন শর্ত এবং সংস্কার বাস্তবায়নের সময়সীমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা ও দরকষাকষি হয়। পরবর্তী সময়ে ওই চুক্তি থেকে সরে এসে নতুন করে তিন বছর মেয়াদি সাড়ে চার বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেছে সরকার।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনের চতুর্থ দিনের একটি অধিবেশনে বাংলাদেশের আর্থিক খাতে সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি আবারও তুলে ধরে সংস্থাটি।

আইএমএফের এশিয়া-প্যাসিফিক বিভাগের উপপরিচালক সোনালী জৈন চন্দ্র বলেন, শুধু সুদের হার বাড়ানো বা মুদ্রানীতি কঠোর করার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য রাজস্ব আয় বৃদ্ধি, ভর্তুকি সমন্বয় এবং ব্যাংক খাতের সক্ষমতা বাড়ানোর মতো টেকসই পদক্ষেপ নিতে হবে।

এদিকে, আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন ঋণ কর্মসূচির আওতায় শর্ত পূরণ ও সংস্কার নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, কর-জিডিপি অনুপাত বাড়ানো, ব্যাংক খাতের সংস্কার এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ যৌক্তিক। তবে এসব শর্ত পূরণের ক্ষেত্রে দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি ও বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইএমএফের শর্ত পূরণ এবং প্রয়োজনীয় সংস্কার ধাপে ধাপে বাস্তবায়নে কাজ করছে সরকার।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: