আবারও ঊর্ধ্বমুখী ডলারের দাম, বাড়লো যত
আন্তঃব্যাংক মুদ্রাবাজারে আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রতি ডলারের দর সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সায় উঠেছে। দুই সপ্তাহ আগে ডলারের দাম ১২২ টাকা ৭৫ পয়সায় নেমে এসেছিল। সেই হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে ডলারের দাম বেড়েছে ৭৫ পয়সা।
আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি এবং ব্যাংকগুলোতে আমদানি ঋণপত্র (এলসি) খোলার ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের চাহিদা বেড়েছে। এর প্রভাবে মুদ্রাটির দামও ঊর্ধ্বমুখী হয়েছে।
বৃহস্পতিবার আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলার সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন ১২৩ টাকা ৩৯ পয়সা দরে কেনাবেচা হয়েছে। এদিন ডলারের গড় দর ছিল ১২৩ টাকা ৪৫ পয়সা।
এদিকে ব্যাংকগুলোর মধ্যে আগাম ডলার কেনাবেচার পরিমাণও বেড়েছে। গত বুধবার আগাম লেনদেনে সাড়ে ৭ কোটি ডলার কেনাবেচা হয়েছে। এর আগের দিন মঙ্গলবার এ লেনদেনের পরিমাণ ছিল সাড়ে ৯ কোটি ডলার।
গত দুই সপ্তাহ ধরে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম বাড়তে থাকায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ডলার কেনার দরও বেড়েছে। বর্তমানে ব্যাংকগুলো সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা দরে ডলার কিনছে।
ডলার কেনার ব্যয় বেড়ে যাওয়ায় গ্রাহকদের কাছে বিক্রির দামও বাড়িয়েছে ব্যাংকগুলো। আমদানি ঋণপত্রের (এলসি) বিপরীতে এখন প্রতি ডলার গড়ে ১২৩ টাকা ৭৩ পয়সা দরে বিক্রি হচ্ছে। কোনো কোনো ব্যাংকে এ দর ১২৩ টাকা ৮০ পয়সা পর্যন্ত উঠেছে।
দুই সপ্তাহ আগে এলসির বিপরীতে ডলারের গড় বিক্রয়মূল্য ১২৩ টাকা ৪৫ পয়সায় নেমে এসেছিল। ফলে সাম্প্রতিক সময়ে ডলারের দর বৃদ্ধির প্রভাব পড়েছে আমদানি ব্যয়েও।
বিভি/টিটি













মন্তব্য করুন: