• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আল জাজিরার বিশ্লেষণ

মাথাপিছু জিডিপি-তে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ!

প্রকাশিত: ২৩:২৯, ২৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মাথাপিছু জিডিপি-তে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ!

ছবি: আল জাজিরা

আকারে বাংলাদেশের চেয়ে প্রায় আট গুণ বড় অর্থনীতির দেশ ভারত। অথচ মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে চলতি বছর প্রতিবেশী দেশটিকে পেছনে ফেলার পূর্বাভাস পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার, যেখানে ভারতের ক্ষেত্রে তা ২ হাজার ৭৪৯ ডলার।

আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে তৈরি পোশাকশিল্প, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং কর্মক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের প্রায় ৩৮ বিলিয়ন ডলারের পোশাকশিল্প রফতানি আয়ের প্রধান উৎসগুলোর একটি। উৎপাদন খাতের সম্প্রসারণও অর্থনীতির অগ্রগতিতে অবদান রেখেছে।

তবে মাথাপিছু জিডিপিতে এগিয়ে থাকলেই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বেশি—এমন নয়। পণ্য ও সেবার স্থানীয় মূল্য বিবেচনায় নিয়ে ক্রয়ক্ষমতার সমতা বা পিপিপি অনুযায়ী হিসাব করলে ভারতই এগিয়ে। আইএমএফের পূর্বাভাসে ২০২৬ সালে পিপিপি ভিত্তিতে ভারতের মাথাপিছু জিডিপি ১২ হাজার ৯৯৮ ডলার, বাংলাদেশের ১০ হাজার ৮৮৪ ডলার।

প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির পূর্বাভাসেও দুই দেশের মধ্যে ব্যবধান রয়েছে। আইএমএফের হিসাবে, চলতি বছর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ, বাংলাদেশের ৩ দশমিক ৬ শতাংশ। একই সময়ে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৭ শতাংশ হতে পারে, যেখানে ভারতে তা ৫ শতাংশের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইএমএফের অনুমান অনুযায়ী, ২০২৭ ও ২০২৮ সালেও মাথাপিছু জিডিপিতে বাংলাদেশের সামান্য ব্যবধান বজায় থাকতে পারে। তবে ২০২৯ সালে ভারত আবার এগিয়ে যেতে পারে। সে বছর ভারতের মাথাপিছু জিডিপি ৩ হাজার ৬৬১ ডলার এবং বাংলাদেশের ৩ হাজার ৩৩৪ ডলার হতে পারে।
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত