• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

২০ মিনিটে ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো উধাও, সন্দেহ উত্তর কোরিয়ার হ্যাকারদের দিকে

প্রকাশিত: ২২:৪৫, ৩০ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৪৬, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
২০ মিনিটে ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো উধাও, সন্দেহ উত্তর কোরিয়ার হ্যাকারদের দিকে

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্সে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ওয়ালেট থেকে প্রায় ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ সরিয়ে নিয়েছে হ্যাকাররা। ব্লকচেইন বিশ্লেষকদের ধারণা, উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটর’ এ হামলার পেছনে রয়েছে।

গত ২৯ অক্টোবরের এ ঘটনাকে এখন পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরি হিসেবে বিবেচনা করছে ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস। প্রতিষ্ঠানটির হিসাবে, ১০টি ব্লকচেইনে থাকা বাইন্যান্সের বিভিন্ন ওয়ালেট থেকে প্রায় ৬৩৬ কোটি ডলারের সম্পদ সরিয়ে নেওয়া হয়। এর বেশির ভাগই মাত্র ২০ মিনিটের মধ্যে স্থানান্তর করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক টিআরএম ল্যাবস উচ্চমাত্রার আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটর’ এ হামলা চালিয়েছে। ব্লকচেইনের ভেতরের ও বাইরের বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে তারা এ সিদ্ধান্তে পৌঁছেছে। হামলার কৌশল ও বৈশিষ্ট্যের সঙ্গে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট আগের সাইবার হামলার মিল রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্লকচেইন বিশ্লেষণকারী আরেক প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসও হামলার পেছনে ট্রেডারট্রেইটরকে দায়ী করেছে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জোনাথন লেভিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, বাইন্যান্সে প্রায় ৬৪০ কোটি ডলারের হামলাটি উত্তর কোরিয়ার এই হ্যাকার গোষ্ঠী চালিয়ে থাকতে পারে। আগের একটি হামলার সঙ্গে যোগসূত্রের ভিত্তিতে তারা এমন ধারণা করছেন। ডিপিআরকে বা ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া উত্তর কোরিয়ার সরকারি নাম।

বাইন্যান্সের ওয়ালেট থেকে কীভাবে সরানো হলো অর্থ
বাইন্যান্স এ ঘটনাকে জটিল নিরাপত্তা লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। প্রতিষ্ঠানটির প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এক প্রকৌশলীর ল্যাপটপ আক্রান্ত হওয়ার মাধ্যমে হ্যাকাররা তাদের অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রবেশের সুযোগ পায়। এরপর একটি সার্ভিস কনটেইনারে প্রবেশ করে অননুমোদিত অর্থ স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। তবে পরবর্তী তদন্তে আরও কয়েকটি অনুপ্রবেশের সূত্র পাওয়া গেছে।

বাইন্যান্স জানিয়েছে, এখন পর্যন্ত তাদের কোনো ওয়ালেটের প্রাইভেট কি বা গোপন চাবি ফাঁস হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলে বিস্তারিত প্রযুক্তিগত প্রতিবেদন প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

হামলার পর একাধিক ব্লকচেইনে লেনদেন ও অর্থ উত্তোলন সাময়িকভাবে বন্ধ করে দেয় বাইন্যান্স। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের জমা বা ডিপোজিট কার্যক্রমে প্রভাব পড়েনি। নিরাপত্তা যাচাই শেষে উত্তোলন কার্যক্রমও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বাইন্যান্স জানায়, ক্ষতিগ্রস্ত সম্পদ শনাক্ত, জব্দ ও উদ্ধারে ব্লকচেইন খাতের বিভিন্ন অংশীদার, সম্পদ ইস্যুকারী প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে তারা। ব্যবহারকারীদের ক্ষতি পূরণে নিজেদের তহবিল থেকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্ল্যাটফর্মটি।

টিআরএম ল্যাবসের হিসাবে, হামলার পর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্লকচেইন অংশীদারদের সহায়তায় প্রায় ২৭০ কোটি ডলারের সম্পদ জব্দ করা হয়েছে। তবে বাকি অর্থের বড় একটি অংশ এখনো হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকতে পারে। চুরি হওয়া সম্পদের অবস্থান শনাক্ত ও সেগুলো উদ্ধারে বিশ্লেষকেরা কাজ করছেন।

উত্তর কোরিয়ার হ্যাকারদের পুরোনো কৌশল
উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট দুর্ধর্ষ হ্যাকার গোষ্ঠী লাজারাস গ্রুপের সঙ্গে ট্রেডারট্রেইটরের যোগসূত্র রয়েছে বলে মনে করা হয়। ২০১৪ সালে সনি পিকচার্সে সাইবার হামলার অভিযোগও উঠেছিল উত্তর কোরিয়ার হ্যাকারদের বিরুদ্ধে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ব্যঙ্গ করে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ইন্টারভিউ’ মুক্তির প্রতিবাদে ওই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এর এক দশকের বেশি সময় পর, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইবিটে বড় ধরনের সাইবার হামলার জন্য ট্রেডার ট্রেইটরকে দায়ী করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। ওই হামলায় প্রায় ১৫০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরি হয়েছিল।

টিআরএম ল্যাবস জানিয়েছে, বাইন্যান্সে সাম্প্রতিক হামলার সঙ্গে বাইবিটসহ উত্তর কোরিয়াসংশ্লিষ্ট আগের সাইবার হামলার বেশ কিছু বৈশিষ্ট্যের মিল রয়েছে। তাদের হিসাবে, বাইন্যান্স থেকে সরিয়ে নেওয়া সম্পদের পরিমাণ বাইবিটে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়া চুরির প্রায় চার গুণ।

ক্রিপ্টো বাজারে অস্থিরতা
বাইন্যান্সে হামলার খবর ছড়িয়ে পড়ার পর ক্রিপ্টোকারেন্সির বাজারেও অস্থিরতা দেখা দেয়। বিটকয়েন, ইথেরিয়ামসহ বড় কয়েকটি ডিজিটাল মুদ্রার দামে পতন ঘটে। বাজার বিশ্লেষকদের মতে, বড় একটি বিনিময় প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর সঙ্গে বড় অঙ্কের লেনদেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার চাপও বাজারের দরপতনে ভূমিকা রাখে।

প্রায় ৬৩৬ কোটি ডলারের এই চুরির ঘটনা ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে। একই সঙ্গে বিশ্বের বড় ক্রিপ্টো প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তাব্যবস্থা এবং ডিজিটাল সম্পদ সংরক্ষণের ঝুঁকি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। 
সূত্র: উইয়ার্ড মার্কেটস্ক্যানার টিআরএম ল্যাব 

বিভি/এজেড

মন্তব্য করুন: