• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, আট মাসে সর্বোচ্চ

প্রকাশিত: ২২:৪৯, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, আট মাসে সর্বোচ্চ

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম গত আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কাও তেলের বাজারে বাড়াচ্ছে অস্থিরতা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের ফিউচার্সের দাম প্রায় ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৮ ডলারে দাঁড়ায়।

এর আগে গত ৩১ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলার ২০ সেন্টে উঠেছিল। ২০২২ সালের মার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১১৮ ডলার ছাড়িয়েছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়েছে। শুক্রবার এটি প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারে লেনদেন হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের বাজার বিশ্লেষণ অনুযায়ী, চলতি অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৪ শতাংশ বাড়তে পারে।

এ নিয়ে টানা চার মাস ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে চলতি বছর বিশ্বজুড়ে জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।

সংস্থাটির আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে চলতি বছর জ্বালানিসহ বিভিন্ন পণ্যের সামগ্রিক দাম প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে বিশ্ব অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরির আশঙ্কা রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: