সঞ্চয়পত্র বিনিয়োগে বড় ভুল এড়াতে যে ৫ বিষয়ে খেয়াল রাখবেন
দেশের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের কাছে নিরাপদ বিনিয়োগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হলো সরকারি সঞ্চয়পত্র। মুনাফার হার তুলনামূলক বেশি এবং সরকারের শতভাগ নিশ্চয়তা থাকায় অনেকেই সঞ্চয়পত্রে অর্থ বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
তবে বর্তমান সময়ে সঞ্চয়পত্র ক্রয়ের নিয়মে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং বিনিয়োগের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট কড়াকড়ি আরোপ করা হয়েছে। তাই সঞ্চয়পত্রে টাকা খাটানোর আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা জরুরি।
১. বিনিয়োগের সর্বোচ্চ সীমা
সরকার বিভিন্ন ক্যাটাগরির সঞ্চয়পত্রের জন্য একক ও যৌথ নামে বিনিয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে। আপনার বর্তমান আর্থিক অবস্থা অনুযায়ী কোন স্কিমে কত টাকা পর্যন্ত বিনিয়োগ করা বৈধ, তা জেনে নিন। পরিবার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র কিংবা ডাকঘর সঞ্চয়সব স্কিমের আলাদা সিলিং রয়েছে। একক নামে সর্বোচ্চ সীমা অতিক্রম করলে অতিরিক্ত অর্থ কোনো মুনাফা ছাড়াই ফেরত দিতে হতে পারে।
২. এনআইডি এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সঠিকতা
সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (NID) এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের সঠিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এনআইডি কার্ডের নামের বানান, জন্মতারিখ এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিখুঁত হতে হবে। বর্তমানে সঞ্চয়পত্রের মূল টাকা এবং প্রতি মাসের বা তিন মাসের মুনাফা সরাসরি বিনিয়োগকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। তাই ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই সচল এবং আপনার নিজের নামে হতে হবে।
৩. নমিনির সঠিক নির্বাচন ও তথ্য আপডেট
সঞ্চয়পত্র ক্রয়ের সময় নমিনি বা উত্তরাধিকারী নির্বাচন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। নমিনির নাম, বয়স, এনআইডি এবং আপনার সাথে তার সম্পর্ক সঠিকভাবে উল্লেখ করতে হবে। কোনো কারণে বিনিয়োগকারীর মৃত্যু হলে নমিনি যাতে সহজে এবং ঝামেলাহীনভাবে টাকা উত্তোলন করতে পারেন, সেজন্য নমিনির প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই গুছিয়ে রাখুন এবং সঞ্চয়পত্র ফরম পূরণে কোনো ভুল যেন না হয় তা নিশ্চিত করুন।
৪. সব সঞ্চয় এক খাতে বিনিয়োগ করা
ভবিষ্যতের পুরো সঞ্চয় শুধু সঞ্চয়পত্রে বিনিয়োগ করাও বুদ্ধিমানের কাজ নয়। এতে জরুরি প্রয়োজনে নগদ অর্থের সংকট তৈরি হতে পারে। তাই আর্থিক প্রয়োজন ও ঝুঁকি বিবেচনায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের মধ্যে সঞ্চয় ভাগ করে রাখা ভালো।
৫. জরুরি প্রয়োজনের টাকা বিনিয়োগ করা
চিকিৎসা, পারিবারিক প্রয়োজন কিংবা আপৎকালীন খরচের জন্য রাখা টাকা দীর্ঘমেয়াদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করা ঠিক নয়। মেয়াদ পূর্ণ হওয়ার আগে ভাঙালে নিয়ম অনুযায়ী মুনাফার পরিমাণ কমে যেতে পারে। তাই যে টাকা অল্প সময়ের মধ্যে প্রয়োজন হতে পারে, তা সঞ্চয়পত্রে আটকে না রাখাই ভালো।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: