বিদেশে চিকিৎসা ও শিক্ষার খরচ পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
বিদেশে চিকিৎসার খরচ মেটাতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই আগের চেয়ে দ্বিগুণ অর্থাৎ সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা। একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা এবং দূরশিক্ষণের মাধ্যমে নিয়মিত একাডেমিক শিক্ষা গ্রহণের খরচ মেটাতেও বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ থেকে জারি করা এক সার্কুলারে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিদেশে চিকিৎসার জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এই সীমা ছিল ১৫ হাজার ডলার।
সার্কুলার অনুযায়ী, বিদেশে স্কুলপর্যায়ের পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিশ্চিত হওয়ার পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমতুল্য পর্যায়ের পড়াশোনার খরচ এডি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই পাঠাতে পারবে। পাশাপাশি দূরশিক্ষণ বা চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের খরচ পাঠানোর নিয়মও সহজ করে পূর্বানুমতির বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।
অন্যদিকে বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা ব্যাংকের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখার নিয়মেও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশ থেকে আসার সময় সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা আরএফসিডি হিসাবে জমা রাখতে হলে অবশ্যই শুল্ক কর্তৃপক্ষের কাছে ‘ফরম এফএমজে’-এর মাধ্যমে ঘোষণা দিতে হবে। কাস্টমসের কাছে ঘোষণা না করা বৈদেশিক মুদ্রা এই হিসাবে জমার যোগ্য হবে না। বৈধ চলতি হিসাবের লেনদেন আরও সহজ করা এবং বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে নমনীয়তা বাড়াতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিভি/বিএস/এসজি













মন্তব্য করুন: