রমজানে সুখবর, তিন ধরনের ফল আমদানিতে শুল্ক কমালো সরকার
খেজুর, আপেল ও মাল্টা। ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর সাধারণ মানুষের নাগালে রাখতে এই তিন ফল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, খেজুর আমদানিতে কমানো শুল্ক আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। ফলে রমজানকে সামনে রেখে খেজুর আমদানিতে ব্যবসায়ীরা এ সুবিধা পাবেন।
এ ছাড়া মাল্টা ও আপেল আমদানিতে কমানো করহার কার্যকর থাকবে ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আওতায় এইচএস কোড ০৮০৫১০৯০-এর অধীন অরেঞ্জ বা মাল্টা এবং এইচএস কোড ০৮০৮১০৯০-এর অধীন আপেল আমদানিতে মোট করভার ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
রমজান মাসে এসব ফলের বাড়তি চাহিদা বিবেচনায় নিয়ে আমদানি ব্যয় কমানোর মাধ্যমে বাজারে সরবরাহ ও দাম স্থিতিশীল রাখাই সরকারের এ সিদ্ধান্তের লক্ষ্য।
বিভি/এজেড













মন্তব্য করুন: