• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ২১:১৮, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে বাংলাদেশ ব্যাংক

তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের সরকারি বিনিয়োগ সুকুক (ইসলামি বন্ড) নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১৮২ দিন মেয়াদি এ সুকুকের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর।

‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর অর্থায়নে এ সুকুক ইস্যু করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে নিলাম অনুষ্ঠিত হবে। এরইমধ্যে প্রকল্পের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে এবং শরিয়াহ যোগ্যতা ব্যবস্থাপনা বিভাগের অধীন গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদন নেওয়া হয়েছে।

প্রসপেক্টাস অনুযায়ী, ইজারা পদ্ধতিতে নিলামের মাধ্যমে তিন হাজার কোটি টাকার এ সুকুক ইস্যু করা হবে। এর মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ২ জুন। এতে বিনিয়োগকারীরা ১৮২ দিনের জন্য ভাড়া বাবদ মোট ১২১ কোটি ২৫ লাখ টাকা পাবেন। বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে এ অর্থ এককালীন পরিশোধ করা হবে।

বাংলাদেশ ব্যাংকে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে, এমন সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এ ছাড়া দেশি-বিদেশি বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন ফান্ডও অংশ নিতে পারবে। তবে এসব প্রতিষ্ঠানের বাংলাদেশ ব্যাংকে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব থাকতে হবে। তারা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবে।

বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতক হারে সুকুক কেনার জন্য বিড করতে পারবেন। এ জন্য ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শরিয়াহ সিকিউরিটিজ মডিউলে (এসএসএম) নিজ নিজ সুকুক ইনভেস্টর (এসআই) আইডির বিপরীতে অনলাইনে আবেদন জমা দিতে হবে।

নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআই আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিলামে সফল বিনিয়োগকারীদের অনুকূলে বরাদ্দ করা সুকুকের পরিমাণ ১ ডিসেম্বর বিকেল ৩টায় এসএসএমের মাধ্যমে জানা যাবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত