• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৩ শতাংশ, ব্যয় শূন্য দুই মন্ত্রণালয়

প্রকাশিত: ১৪:২৬, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৩ শতাংশ, ব্যয় শূন্য দুই মন্ত্রণালয়

চলতি অর্থবছরের চতুর্থ মাসেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে খুব একটা গতি আসেনি। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবরে এডিপির মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এ সময়ে মোট ব্যয় হয়েছে ২০ হাজার ১৫৯ কোটি টাকা। এর বড় অংশই ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। বিপরীতে বড় বরাদ্দ থাকা দুই মন্ত্রণালয় এ সময়ে কোনো অর্থই ব্যয় করতে পারেনি। 

রবিবার (১৫ নভেম্বর) প্রকাশিত পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। এই অর্থ বাস্তবায়নের জন্য রয়েছে ১ হাজার ১৭২টি প্রকল্প। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৮৬টি, সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ২৩টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৯টি এবং নিজস্ব অর্থায়নের প্রকল্প রয়েছে ৫৩টি।

অর্থবছরের প্রথম চার মাসে ৩ লাখ কোটি টাকার বেশি এডিপির বিপরীতে ব্যয় হয়েছে ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ জুলাই-অক্টোবরে পুরো বছরের বরাদ্দের সাত শতাংশেরও কম বাস্তবায়ন হয়েছে। শুধু চলতি অর্থবছরেই নয়, আগের কয়েক বছরের তুলনায়ও এবার এডিপি বাস্তবায়নের হার কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১১ দশমিক ৬৪ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ১২ দশমিক ৬৪ শতাংশ।

আইএমইডির তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। চলতি অর্থবছরে এ বিভাগের অধীনে ২০১টি প্রকল্পে বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা। এর বিপরীতে জুলাই-অক্টোবরে ব্যয় হয়েছে ৬ হাজার ৯২০ কোটি ৪৩ লাখ টাকা। এ হিসাবে বিভাগের নিজস্ব বরাদ্দের ২০ দশমিক ৭৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

তবে বড় অঙ্কের বরাদ্দ থাকা বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের অগ্রগতি সন্তোষজনক নয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ২৯ হাজার ৮৪১ কোটি ৭ লাখ টাকা। এর বিপরীতে প্রথম চার মাসে ব্যয় হয়েছে ১ হাজার ৮৯৮ কোটি ১৮ লাখ টাকা, যা মোট বরাদ্দের ৬ দশমিক ৩৬ শতাংশ।

একই সময়ে বিদ্যুৎ বিভাগের ১৮ হাজার ১০৬ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৪৯ কোটি ৫৮ লাখ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৭ হাজার ৭৪ কোটি টাকা বরাদ্দ থেকে খরচ হয়েছে ১ হাজার ৭৯১ কোটি ৩৯ লাখ টাকা। নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৫২০ কোটি ৯৩ লাখ টাকা। অথচ প্রথম চার মাসে এ মন্ত্রণালয় ব্যয় করতে পেরেছে মাত্র ৫১৬ কোটি ৬৫ লাখ টাকা। 

অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৭ হাজার ৪৮১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৮৯৩ কোটি ৫৮ লাখ টাকা। স্বাস্থ্য খাতের দুটি বিভাগেও এডিপি বাস্তবায়নের হার বেশ কম। স্বাস্থ্য সেবা বিভাগের জন্য বরাদ্দ করা ৬ হাজার ১৪ কোটি ৪৭ লাখ টাকার মধ্যে ব্যয় হয়েছে মাত্র ২৩৭ কোটি ২ লাখ টাকা। এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ থাকা ৫ হাজার ৩৪৩ কোটি ৪২ লাখ টাকার মধ্যে জুলাই-অক্টোবর সময়ে ব্যয় হয়েছে মাত্র ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত