• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আট ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬

প্রকাশিত: ১৪:১২, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আট ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬

কৃষি, প্রযুক্তি, উৎপাদন এবং পরিবেশবান্ধব ব্যবসাসহ নানা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারে ভূষিত করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কার বিতরণের আগে তিনি জাতীয় এসএমই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মেলা আয়োজিত হচ্ছে। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) হিসেবে সম্মাননা অর্জন করেছেন এস এম ফারুক হাসান। তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান ‘স্টাইলিশ ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস’ বিচিত্র ধরনের জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদন করে থাকে।

অন্যদিকে, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন সৈয়দ আমিনুল কবির। তাঁর প্রতিষ্ঠান ‘স্টার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ’ নানা পদের মসলার গুঁড়া, আচার, টমেটো পেস্ট এবং নারকেল তেল উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত।

বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী) নির্বাচিত হয়েছেন হানিয়াম মারিয়া চৌধুরী। তার প্রতিষ্ঠান তাহূর স্টুডিও আবায়া, হিজাব, কাফতান, নামাজের পোশাক, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও করপোরেট ইউনিফর্ম তৈরি করে। বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) হয়েছেন ফারজানা ইসলাম। তার প্রতিষ্ঠান ক্রাফটিমেশন বাঁশ ও পাটের হস্তশিল্প, কাঠ ও ধাতুর মিনিয়েচার, রিকশাচিত্রে সজ্জিত পণ্য এবং রেজিন আর্টের সামগ্রী তৈরি করে।

বর্ষসেরা স্টার্টআপ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে অঙ্কুর এআই। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মাশরুর হোসাইন। কৃষিতে ইন্টারনেট অব থিংস (আইওটি), কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটা বিশ্লেষণ ব্যবহার করে প্রতিষ্ঠানটি কৃষকদের মাটি, আবহাওয়া ও ফসলের তথ্যভিত্তিক পরামর্শ দেয়। তাদের ‘পরখ’ যন্ত্রের মাধ্যমে দ্রুত মাটি পরীক্ষা করা যায়। এ ছাড়া রয়েছে সৌরশক্তিচালিত আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র ‘অ্যালবাট্রস ওয়েদার পড’।

বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস বিভাগে পুরস্কার পেয়েছে পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হামিদ হাসান। ব্যবহৃত প্লাস্টিকের বোতল পুনঃপ্রক্রিয়াজাত করে প্রতিষ্ঠানটি রিসাইকেলড পলিইথিলিন টেরেফথ্যালেট (আরপিইটি) বা পুনঃপ্রক্রিয়াজাত প্লাস্টিকের কাঁচামাল তৈরি করে। এসব পণ্য ইউরোপে রপ্তানি করা হয় এবং সেখানে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা হয়েছেন মো. মুসনাদ-ই-আহমদ। তার প্রতিষ্ঠান স্কাইটেক সলিউশনস বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিকস ও অটোমেশনসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা দেয়। এ ছাড়া বিশেষ উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা মো. ছিদ্দিক ভূঁইয়া সিনথিয়া। তার প্রতিষ্ঠান সিনথিয়া ফ্যাশন বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত