• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রায় পৌনে ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষকের বেতন নিয়ে দুঃসংবাদ

প্রকাশিত: ২১:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
প্রায় পৌনে ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষকের বেতন নিয়ে দুঃসংবাদ

প্রতীকী ছবি

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর জানুয়ারি মাসের বেতন এখনো অনুমোদন পায়নি। ফলে চলতি সপ্তাহে তাদের বেতন পরিশোধের কোনো সম্ভাবনা নেই।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জানুয়ারি মাসের বেতনের অনুমোদন মেলেনি। সরকারি ছুটির কারণে অনুমোদন পেলেও জিও জারি ও তা এজি অফিসে পাঠানোর প্রক্রিয়া আগামী বৃহস্পতিবারের আগে সম্পন্ন হবে না। এ কারণে চলতি সপ্তাহে বেতন বিতরণ সম্ভব হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা বলেন, সরকারি ছুটি ও সার্বিক পরিস্থিতির কারণে এই সপ্তাহে এমপিওভুক্ত শিক্ষকদের জানুয়ারির বেতন দেওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের শেষ কার্যদিবসের মধ্যে বেতন-ভাতা পরিশোধের চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক ও কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা পাঠান। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হয়। চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে বেতন ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়।

সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করায় এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের প্রক্রিয়া আগের তুলনায় আরও স্বচ্ছ হয়েছে। মাউশির কর্মকর্তারা জানান, নতুন এই ব্যবস্থায় অনুমোদন ও বিতরণ তুলনামূলকভাবে দ্রুত ও নির্ভরযোগ্য হচ্ছে।

তবে বেতন পেতে দেরি হওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা আশঙ্কা করছেন, সরকারি ছুটি বা প্রযুক্তিগত জটিলতায় যদি অনুমোদন আরও বিলম্বিত হয়, তাহলে মার্চ মাসের বেতনও অনিশ্চয়তায় পড়তে পারে।

নিয়মিত বেতনের ওপর নির্ভরশীল এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য এই বিলম্ব জীবনযাত্রা ও পারিবারিক ব্যয় নির্বাহে চাপ সৃষ্টি করছে। শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, আগামী সপ্তাহের শেষ নাগাদ বেতন-ভাতা পরিশোধের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা যাবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: