• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

 ৮ মিনিটে ২০০টি গাণিতিক সমস্যা সমাধান ক্ষুদে শিক্ষার্থীদের

প্রকাশিত: ২০:৪২, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
 ৮ মিনিটে ২০০টি গাণিতিক সমস্যা সমাধান ক্ষুদে শিক্ষার্থীদের

শিশুদের গণনা, মনোযোগ, দ্রুত চিন্তা, স্মৃতিশক্তি ও আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে  অনুষ্ঠিত হয়েছে ৮ম  ইউসিএমএএস জাতীয় প্রতিযোগিতা ২০২৬।

দেশের বিভিন্ন অঞ্চলের ৩০টি ইউসিএমএএস সেন্টার থেকে শিক্ষার্থীরা এবারের জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল, বগুড়া, গাজীপুর ও কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি পরিণত হয় শিশুদের মেধা ও দক্ষতার এক বর্ণিল মিলনমেলায়।

প্রতিযোগিতায় মোট ১০টি দৃশ্যমান বিভাগ এবং ৩টি ফ্ল্যাশ ক্যাটাগরি-তে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল দৃশ্যভিত্তিক প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীদের মাত্র ৮ মিনিটে ২০০টি গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। দ্রুততা ও নির্ভুলতার পাশাপাশি এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মনোযোগ, পর্যবেক্ষণ ক্ষমতা ও মানসিক গণনার দক্ষতারও পরীক্ষা নেওয়া হয়।

এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর অর্জন করে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ননির্বাচিত হয়েছে চট্টগ্রাম সেন্টারের শিক্ষার্থী মোহাম্মদ মাকনন হোসাইন। অসাধারণ ফলাফলের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন।

এবারের প্রতিযোগিতায় অন্যতম বিশেষ আকর্ষণ ছিল ফিউচার টেক জোন। অ্যাবাকাস ও মেন্টাল ম্যাথের পাশাপাশি শিশুদের আধুনিক প্রযুক্তি, রোবটিক্স ও উদ্ভাবনের সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে এই বিশেষ আয়োজন করা হয়। এর ফলে এবারের আয়োজন শুধু মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে শিশুদের গণিত, প্রযুক্তি, রোবটিক্স ও উদ্ভাবনী চিন্তার মধ্যে একটি সংযোগ তৈরি করে।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিএমএএস বাংলাদেশ-এর জাতীয় ফ্র্যাঞ্চাইজি এর চেয়ারম্যান মো তানভীরুল হক, সিইও কমরুদ্দিন নিশান ও ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল আলম শিমুল।  এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্ট-এর সহ-সভাপতি অদ্রিকা এশনা পূর্বাশা, সুমন রেজা-সহ অনেকে।   

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মেডেল, সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ের এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আগামী দিনের আরও বড় প্রতিযোগিতা ও আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত