• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো ঢাকা শিক্ষা বোর্ড

প্রকাশিত: ১৯:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:০৭, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো ঢাকা শিক্ষা বোর্ড

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান। ফলাফল প্রস্তুতের বিভিন্ন কার্যক্রম এরইমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হলে নভেম্বরের মাঝামাঝি ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের বিভিন্ন কার্যক্রম এগিয়ে চলছে। ফল তৈরির সঙ্গে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া যথাসময়ে শেষ করা গেলে নভেম্বরের মাঝামাঝি ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।’

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষার কয়েকটি কার্যক্রম অন্য বোর্ডের তুলনায় দেরিতে শেষ হয়েছে। তবে এতে যেন ফল প্রকাশে বড় ধরনের বিলম্ব না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, চট্টগ্রাম অঞ্চলে পরীক্ষা গ্রহণে বিলম্ব হলেও দ্রুত উত্তরপত্র মূল্যায়নের জন্য অতিরিক্ত পরীক্ষক নিয়োগ করা হয়েছে। দ্রুত উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রস্তুতের অন্যান্য কার্যক্রম শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা চলছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়। ওই অঞ্চলের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। একই কারণে ব্যবহারিক পরীক্ষাও নির্ধারিত সময়ের পরে অনুষ্ঠিত হয়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দেশের সব বোর্ডের ফল একই সময়ে প্রকাশের লক্ষ্যেই কাজ চলছে। এ জন্য উত্তরপত্র মূল্যায়নসহ ফল প্রস্তুতের বিভিন্ন ধাপে অতিরিক্ত পরীক্ষক ও জনবল কাজে লাগানো হচ্ছে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখা যাবে।

এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে ‘HSC’ লিখে একটি স্পেস দিতে হবে। এরপর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং সর্বশেষ ‘2026’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে, ঢাকা শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে মেসেজ অপশনে গিয়ে ‘HSC DHA 123456 2026’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেয়া হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: