৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমতি কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী ৮৬টি প্রতিষ্ঠান গত তিন বছর ধরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি।
শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদনের শর্ত অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করলে তাদের পাঠদানের অনুমোদন বাতিল করার বিধান রয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২০-এর বিধি ৫.৪ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরিসহ পাঠদানের অনুমতি দেওয়ার সময় আরোপিত ও অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড পাঠদানের অনুমতি বাতিল করতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত তিন বছর শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করা হবে না—এ বিষয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: