নোবিপ্রবিতে জাতীয় সংগীত চলাকালে স্ক্রিনে শেখ হাসিনার ছবি, তদন্ত কমিটি গঠন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত চলাকালে ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত প্রচারের সময় অডিটোরিয়ামের স্টেজের পেছনে স্থাপিত ডিজিটাল স্ক্রিনে জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে একটি ভিডিও প্রদর্শন করা হয়। ওই ভিডিওতে শেখ হাসিনার ছবি প্রদর্শিত হয় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান এবং অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তারা ওই নোটিশের জবাবও দিয়েছেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পুরো বিষয় তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দীনকে আহ্বায়ক, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিনকে সদস্য এবং প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: