ভিসি পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে দ্বিতীয়দিনের মতো শাটডাউন
কোনো কারণ দর্শানো ছাড়াই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদে আকস্মিক পরিবর্তন আনার সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো ক্যাম্পাস। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপনসমূহ প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম-কে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচী চলছে চুয়েট ক্যাম্পাসে।
ক্যাম্পাসের মূল ফটকে তালা লাগিয়ে ক্রিকেট খেলায় মেতেছেন চুয়েটের শিক্ষার্থীরা।এছাড়া গণসাক্ষর সংগ্রহ কর্মসূচী চলছে চুয়েট ক্যাম্পাসে। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা জানিয়েছে চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনও। ফলে বিশ্ববিদ্যালয়টির সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি থমকে গেছে।

গত ২৭ জুলাই চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। ২১ সেপ্টেম্বর রাতে হঠাৎ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দায়িত্ব থেকে সরিয়ে কুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই আকস্মিক রদবদলের পরে বিশ্ববিদ্যালয়জুড়ে অসন্তোষ ও আন্দোলনের সূত্রপাত ঘটে।
বিভি/এজেড













মন্তব্য করুন: