• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি প্রদান

সর্বহারা পার্টির নেতা পরিচয়ে হাবিপ্রবি শিক্ষকের কাছে চাঁদা দাবি 

মো. রাফিউল হুদা, হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সর্বহারা পার্টির নেতা পরিচয়ে হাবিপ্রবি শিক্ষকের কাছে চাঁদা দাবি 

‘সর্বহারা পার্টির’ নেতা পরিচয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক আবু সাঈদের কাছে চাঁদা দাবি ও স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই শিক্ষক। 

ভুক্তভোগী অধ্যাপক ড. মো আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। 

জানা যায়, বুধবার (২৩শে সেপ্টেম্বর) দুপুরে মুঠোফোনে পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রধান শিকদার মহিউদ্দিন পরিচয়ে ভুক্তভোগী ওই শিক্ষকের কাছে প্রথমে ২৫ হাজার ও পরে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও চাঁদা না দিলে স্ত্রী-সন্তানকে হত্যা ও গুম করে ফেলার হুমকি প্রদান করা হয়। এসময় হুমকিদাতা শিকদার মহিউদ্দিন দাবি করেন, তার কয়েকজন ছেলে ভারতের চেন্নাইয়ে চিকিৎসারত আছেন। তাদের অপারেশনের জন্যই তার টাকা দরকার। 

এসময় বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী ওই শিক্ষক টাকা দিতে রাজি না হলে তার বাড়িতে ২০/২৫ জন ছেলে পাঠিয়ে স্ত্রী-সন্তানকে তুলে এনে টুকরো টুকরো করে ফেলার হুমকিও দেন সর্বহারা পার্টির প্রধান পরিচয় দেয়া শিকদার মহিউদ্দিন। 

ভুক্তভোগী অধ্যাপক ড. মো. আবু সাঈদ বলেন, ‘আজ দুপুরে একটি অজ্ঞাত নম্বর থেকে আমাকে ফোন করে অশালীন ভাষায় গালাগাল করে এবং সর্বহারা সংগঠনের সদস্য বলে পরিচয় দেয়। একপর্যায়ে আমার থেকে চাঁদা দাবি করে এবং না দিলে বাড়িতে লোক পাঠানোর হুমকি দেয়। এসময় আমার স্ত্রী-সন্তানকে হত্যারও হুমকিও দেওয়া হয়। আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি এবং আমার পরিবারের নিরাপত্তার কথা ভেবে দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরী করেছি। যার জিডি নং-২২৫১।’

এবিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এআই

মন্তব্য করুন: