• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেস থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মো. রাফিউল হুদা, হাবিপ্রবি

প্রকাশিত: ২২:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মেস থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে সিনথিয়া নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিসিএস গলির শেষ প্রান্তে অবস্থিত ফজিলা ছাত্রীনিবাসের তৃতীয় তলার ৩০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে ছাত্রীনিবাসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিনথিয়াকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাকে আর বাইরে দেখা যায়নি। বুধবার সন্ধ্যায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় মেস মালিক ও কয়েকজন ছাত্রী দরজা খুলে কক্ষে প্রবেশ করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

সিনথিয়া প্রায় ৮-৯ মাস ধরে ওই ছাত্রীনিবাসে অবস্থান করছিলেন বলে জানা গেছে। এর আগে তিনি দিনাজপুর শহরের অন্য একটি মেসে থাকতেন।

খবর পেয়ে দিনাজপুর সদর কোতোয়ালি থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ‘ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগতভাবে পরিবারের সম্মতিতে বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, ‘প্রাথমিক লক্ষণগুলো দেখে আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু হবে।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন: