শিক্ষায় বিনিয়োগ বাড়াতে বৈশ্বিক সংলাপে বাংলাদেশ
শিক্ষায় বিনিয়োগ বাড়ানো এবং বৈশ্বিকভাবে মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণে আন্তর্জাতিক সংলাপে অংশ নিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের অংশ হিসেবে আয়োজিত ‘Multiply Possibility High-Level Event: A New Era for Education Financing’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (GPE) আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন অংশীদার, বেসরকারি খাত ও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিক্ষায় টেকসই অর্থায়ন বাড়ানো এবং বিশ্বজুড়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন বিনিয়োগ ও অংশীদারত্বের সম্ভাবনা তুলে ধরা।
আলোচনায় শিক্ষার অর্থায়নকে আরও কার্যকর, টেকসই ও সমন্বিত করার বিভিন্ন দিক উঠে আসে। একই সঙ্গে শিক্ষা খাতে সরকারি অর্থায়নের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা, বেসরকারি বিনিয়োগ ও অন্যান্য অর্থায়নের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
GPE-এর তথ্য অনুযায়ী, বিশ্বে এখনো প্রায় ২৭ কোটি শিশু স্কুলের বাইরে রয়েছে। নিম্নআয়ের দেশগুলোতে ১০ বছর বয়সী শিশুদের বড় একটি অংশ সাধারণ একটি লেখা পড়তেও সক্ষম নয়। এ বাস্তবতায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে অর্থায়ন বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হচ্ছে।
আয়োজনে শিক্ষা খাতে নতুন ও কার্যকর অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন দেশের নিজস্ব অর্থায়নের প্রতিশ্রুতিও তুলে ধরা হয়। GPE জানিয়েছে, তাদের অর্থায়ন কার্যক্রমের মাধ্যমে নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের ৯০টির বেশি দেশে প্রায় ৭৫ কোটি শিশু ও তরুণের শিক্ষার মান উন্নয়নে সহায়তা করার লক্ষ্য রয়েছে।
এ বৈশ্বিক সংলাপে বাংলাদেশের অংশগ্রহণ শিক্ষা খাতে অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারত্বের বিষয়ে দেশের অবস্থান তুলে ধরার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: