• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননার জন্য নির্বাচিত খুবির অধ্যাপক নাসির হাসান

প্রকাশিত: ১৬:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননার জন্য নির্বাচিত খুবির অধ্যাপক নাসির হাসান

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসির হাসান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত তালিকায় সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত গুণী শিক্ষকদের মধ্যে তার নাম রয়েছে।

অধ্যাপক ড. মো. নাসির হাসান দীর্ঘদিন ধরে অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং পরিবেশ-সমাজ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণায় যুক্ত রয়েছেন। তার গবেষণার প্রধান আগ্রহের ক্ষেত্র হলো প্রতিবেশতন্ত্রের সেবা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, সমাজ-প্রতিবেশগত বিষয় এবং ক্ষুদ্র অর্থনীতি।

তার গবেষণার বড় একটি অংশ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনকেন্দ্রিক। জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগের ঝুঁকি, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন, পানি নিরাপত্তা, জীবিকা এবং সমাজ-প্রতিবেশগত স্থিতিস্থাপকতা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। সাম্প্রতিক বছরগুলোতেও এসব বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সাময়িকীতে তার একাধিক গবেষণা প্রকাশিত হয়েছে।

অধ্যাপক নাসির হাসান ২০০৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। এরপর ২০১০ সালে নেদারল্যান্ডসের ওয়াখেনিঙ্গেন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক উন্নয়ন অধ্যয়নে স্নাতকোত্তর এবং ২০১৬ সালে জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি অর্জন করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে তিনি ২০০৫ সালে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৬ সালের জুলাই থেকে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গবেষণার ক্ষেত্রেও তার আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে পর্যন্ত তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের তথ্য অধ্যয়নবিষয়ক আন্তঃঅনুষদীয় উদ্যোগের ওহারা গবেষণাগারে জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্সের আমন্ত্রিত গবেষক হিসেবে কাজ করেন। এর আগে জাপানের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওয়াটার হ্যাজার্ড অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টে গবেষণা সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন।

উপকূলীয় বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে তার উল্লেখযোগ্য গবেষণার মধ্যে রয়েছে জলবায়ু ঝুঁকির সঙ্গে মানুষের অভিযোজন, কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, ভাসমান কৃষি, সুন্দরবননির্ভর জনগোষ্ঠীর ঝুঁকি ও জীবিকা এবং দুর্যোগ প্রস্তুতি নিয়ে গবেষণা। ২০২৪ সালেও এসব বিষয়ে তার একাধিক গবেষণা প্রকাশিত হয়েছে।

এ ছাড়া ২০১৬ সালে সম্পন্ন করা তার পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘দুর্যোগপ্রবণ উপকূলীয় বাংলাদেশের পরিবার ও স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি’।

শিক্ষকতা, গবেষণা ও শিক্ষার্থীদের পরামর্শদানের পাশাপাশি অধ্যাপক ড. মো. নাসির হাসান অর্থনীতি ও টেকসই উন্নয়নের বিভিন্ন আন্তঃবিষয়ক ক্ষেত্রেও কাজ করে আসছেন। বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সম্মাননার জন্য তার নির্বাচন তার দীর্ঘ শিক্ষকতা ও গবেষণাকর্মের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত