• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:৩৭, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:৩৯, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

ছবি: মেজর (অব.) আখতারুজ্জামান (সংগৃহীত)

গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা (মামলা নং ০৬) দায়ের করা হয়েছে। 

২ অক্টোবর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন।   

এজাহার অনুযায়ী, ব্যাপক যাত্রীদের চাপের কারনে বৃহস্পতিবার মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন। এমনকি তিনি বিমান মন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন। এসময় অভিযুক্তের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় (KPI) ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়াও তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ প্রতিনিধির সাথে মারমুখী আচরণ করেন।   

সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় (১৮৬/১৮৯/২৯৪/৩২৩/৩৫২/৩৫৩/৫০৪/৫০৬) মামলা রুজু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত চলছে।   

উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান অতীত থেকেই বিতর্কিত; দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি তার সাবেক দল বিএনপি থেকে সর্বমোট ৫ বার বহিষ্কৃত হয়েছেন। বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও মারধরের এই সাম্প্রতিক ঘটনাটি তার সেই উচ্ছৃঙ্খল ও বিতর্কিত আচরণেরই নতুন বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিভি/এআই

মন্তব্য করুন: