• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

এমপির ঘোষণার ১০ দিনেই সরকারি কলেজের ৩ বিভাগে মাস্টার্স অনুমোদন

এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি

প্রকাশিত: ২২:৩৬, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এমপির ঘোষণার ১০ দিনেই সরকারি কলেজের ৩ বিভাগে মাস্টার্স অনুমোদন

খাগড়াছড়ি সরকারি কলেজে ব্যবস্থাপনা, ইতিহাস ও অর্থনীতি বিভাগে মাস্টার্স প্রথম ও শেষ পর্ব চালুর অনুমোদন দেওয়া হয়েছে। সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়ার ঘোষণার মাত্র ১০ দিনের মধ্যে এ অনুমোদন পাওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

রবিবার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় খাগড়াছড়ি সরকারি কলেজসহ দেশের আরও ১২টি সরকারি কলেজে বিভিন্ন বিভাগে মাস্টার্স প্রথম ও শেষ পর্ব চালুর অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ি সরকারি কলেজে নবীনবরণ ও বিদায়ী অনুষ্ঠানে ব্যবস্থাপনা, ইতিহাস ও অর্থনীতি বিভাগে মাস্টার্স প্রথম ও শেষ পর্ব চালুর দাবি জানান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। এ সময় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন।

এর মাত্র ১০ দিনের মধ্যেই ওই তিন বিভাগে মাস্টার্স প্রথম ও শেষ পর্ব চালুর অনুমোদন দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এসব বিভাগের শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ নিয়ে আগ্রহ ও প্রত্যাশা ছিল। নতুন এই অনুমোদনের ফলে ব্যবস্থাপনা, ইতিহাস ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা নিজ কলেজেই মাস্টার্স পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য বলেন, পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে। এতে খাগড়াছড়ি সরকারি কলেজে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার পরিধি আরও বাড়বে।

খাগড়াছড়ি সরকারি কলেজে ব্যবস্থাপনা, ইতিহাস ও অর্থনীতি বিভাগে মাস্টার্স প্রথম ও শেষ পর্ব অনুমোদনকে সরকারের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সরাফত হোসেন।

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত প্রায় ৪ হাজার শিক্ষার্থীর এই কলেজটি দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, আবাসন সংকট ও শিক্ষার্থীদের হোস্টেল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যেই তিন বিভাগে মাস্টার্স চালুর অনুমোদন কলেজটির উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: