• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চুয়েটে কমপ্লিট শাটডাউন: শিক্ষক-শিক্ষার্থীদের একযোগে অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত: ১২:১৯, ৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:২১, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চুয়েটে কমপ্লিট শাটডাউন: শিক্ষক-শিক্ষার্থীদের একযোগে অবস্থান কর্মসূচি পালন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্যের নিয়োগ বাতিল এবং সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের ১৪তম দিনে একযোগে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পাশাপাশি গত ১৪ দিন ধরে ক্যাম্পাসে চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। শিক্ষক দিবস উপলক্ষে আন্দোলনের শুরু থেকে যেসব শিক্ষক শিক্ষার্থীদের পাশে ছিলেন, এদিন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান চুয়েটের শিক্ষার্থীরা।

‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলায় গত ১৪ দিন ধরে চুয়েটে একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করছে চুয়েট শিক্ষক সমিতি ও চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনও।

চুয়েট শিক্ষার্থীরা জানিয়েছেন, সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি না মানা পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। পরে আন্দোলন ধীরে ধীরে আরও বিস্তৃত হয় এবং শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মসূচিতে যুক্ত হন।

শিক্ষার্থীদের দাবি, সাবেক উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও অব্যাহত রেখেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: