ডিসেম্বরে একনেকে উঠছে বেরোবির উন্নয়ন প্রকল্প, চালু হচ্ছে এআই-রোবটিক্স
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়নে বিশেষ প্রকল্প চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, সাইবার সিকিউরিটি ও ডেটা সায়েন্সের মতো আধুনিক বিষয় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ গেটের নির্মাণকাজ উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সারা বিশ্বে সংঘটিত গণঅভ্যুত্থানগুলোর মধ্যে জুলাই আন্দোলন অন্যতম। শহিদ আবু সাঈদের আত্মত্যাগের ঘটনা বিশ্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিশেষ উন্নয়ন প্রকল্প একনেকে পাস করার উদ্যোগ নেওয়া হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আধুনিকায়নের বিষয়ে ইউজিসির এই সদস্য বলেন, অর্গানোগ্রামে যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এর অংশ হিসেবে রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডেটা সায়েন্সের মতো সম্ভাবনাময় বিষয় দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষকসংকট নিরসনে নতুন করে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।
উত্তরাঞ্চলের এই উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানকে দেশের অন্যতম অগ্রসর বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
উল্লেখ্য, বিশেষ উন্নয়ন প্রকল্পের অনুমোদন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিষয় চালু এবং শিক্ষক নিয়োগের উদ্যোগ বাস্তবায়িত হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিসর সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: