• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, সেই বিএনপি নেতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৮, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, সেই বিএনপি নেতা গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর মাছের প্রকল্পে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রকাশ্য দিবালোকে প্রকল্পে ভাঙচুর ও লুটপাটেরও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে কালাম মন্ডল নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কালাম মন্ডল যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মন্ডলের মাছের পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা যায়। এর আগে প্রকাশ্য দিবালোকে মাছের প্রকল্পে হামলা চালিয়ে পুকুরের চারপাশের ঘের ভেঙে ফেলা হয়।

ভুক্তভোগী আসাদ মন্ডল অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর সিঙ্গাপুরে থেকে কষ্টার্জিত অর্থ দিয়ে তিনি এলাকায় দুই বিঘা জমির ওপর একটি মাছের প্রকল্প গড়ে তোলেন। সম্প্রতি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল দাবি করেন, তার প্রকল্পের মধ্যে ১০ শতাংশ জমি তারা কিনেছেন। এ বিষয়ে রাজবাড়ী আদালতে একটি মামলাও চলমান রয়েছে।

আসাদ মন্ডলের অভিযোগ, জমির বিষয়টির পাশাপাশি তারা বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানাভাবে হয়রানি করা হয়।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে বহিরাগতদের নিয়ে তার প্রকল্পে হামলা চালিয়ে সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়। এ সময় পুকুরপাড় থেকে প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা যাওয়ার সময় তাকে হুমকি দেয় এবং একই রাতে পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন আসাদ মন্ডল।

প্রকল্পের কর্মচারী সুমন মন্ডল বলেন, পুকুরে বিষ প্রয়োগের কারণে সব মাছ মারা গেছে। এতে শুধু পুকুরের মালিকই ক্ষতিগ্রস্ত হননি, এখানে কাজ করা প্রায় ২০ জন শ্রমিকও ক্ষতির মুখে পড়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত