ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’, আঘাত হানতে পারে যে অঞ্চলে
যুক্তরাষ্ট্রের উত্তর উপসাগরীয় উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন ‘ইসাইয়াস’। ২০২৬ সালের আটলান্টিক ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম হারিকেনটি শক্তি বাড়িয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। এতে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও প্রাণঘাতী জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঝড়টির বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতি ঘণ্টায় ৮০ মাইল এবং কেন্দ্রের সর্বনিম্ন বায়ুচাপ ছিল ৯৭৫ মিলিবার। উপকূলে পৌঁছানোর আগে এটি আরও শক্তিশালী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার প্যানহ্যান্ডেল, দক্ষিণ আলাবামা, মিসিসিপি এবং লুইজিয়ানার উপকূলীয় অঞ্চলে ঝড়টির প্রভাব পড়তে পারে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবারের প্রথম ভাগের মধ্যে উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।
উপকূলীয় এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের পাশাপাশি ঘণ্টায় হারিকেনের গতির বাতাস বয়ে যেতে পারে। ভারী বৃষ্টির কারণে নিচু এলাকা প্লাবিত হওয়া, আকস্মিক বন্যা এবং নদীর পানি বেড়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে।
ইসাইয়াসের আবির্ভাব এবারের আটলান্টিক ঘূর্ণিঝড় মৌসুমের অস্বাভাবিক বিলম্বকে সামনে এনেছে। প্রবল এল নিনোর প্রভাবসহ বায়ুমণ্ডলীয় পরিস্থিতির কারণে মৌসুমের বড় একটি সময় আটলান্টিকে হারিকেন তৈরি হয়নি। ১৯০৫ সালের পর এত দেরিতে মৌসুমের প্রথম হারিকেন তৈরি হওয়ার ঘটনা বিরল।
ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ। সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাট ও বন্যা মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ এবং সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিভি/টিটি













মন্তব্য করুন: