• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৮ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট ভিসি,অনড় অবস্থানে শিক্ষার্থীরা, আটকা থাকা একজন অসুস্থ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৬:২৯, ১৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:২৯, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
২৮ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট ভিসি,অনড় অবস্থানে শিক্ষার্থীরা, আটকা থাকা একজন অসুস্থ

২৮  ঘন্টা পেরিয়ে গেলেও এখনো প্রশাসনিক ভবনে অবরুদ্ধ চুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড.শরীফুল আলম। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত চুয়েটের প্রশাসনিক ভবনের তালা খোলা হবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটলে চুয়েট উপাচার্যকে তার দায় নিতে হবে বলেও হুঁশিয়ার করেন চুয়েটের শিক্ষার্থীরা।

এদিকে বিদ্যুত বিহীন ভবনে দীর্ঘক্ষণ আটকে থাকায় ভিসির সাথে থাকা কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। এরমধ্যে একজনের উচ্চ রক্তচাপ থাকায় তাকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

অবরুদ্ধ ভিসিসহ তার সাথে আটকে থাকাদের দফায় দফায় খাবারের পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসার ব্যবস্থা করছেন চুয়েট শিক্ষার্থীরা। অন্যদিকে এখন পর্যন্ত পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় অবস্থানে চুয়েট উপাচার্য। অন্যদিকে শিক্ষার্থীরাও পদত্যাগের ঘোষণা না দেয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের তালা না খোলার সিদ্ধান্তে অনড়। এমন অবস্থায় থমথমে অবস্থা বিরাজ করছে চুয়েট ক্যাম্পাসে।

গতকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দেয়ার পরও চুয়েট উপাচার্য ক্যাম্পাস ত্যাগ না করায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় চট্টগ্রাম প্রকেৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীরা। বিচ্ছিন্ন করে দেয় ওই ভবনের বিদ্যুৎ সংযোগ।

এরপর দুপুরে জরুরী সভার পর বহিরাগতদের সহায়তায় ক্যাম্পাসে নতুন ভিসির এমন উপস্থিতিকে ঘৃণাভরে প্রত্যাখান করে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় চুয়েট শিক্ষক সমিতি ও চুয়েট কর্মকর্তা-কর্মচারী সমিতি। চুয়েট ভিসিকে অবরুদ্ধ করার পর চট্টগ্রাম নগরী থেকে চুয়েট ক্যাম্পাসগামী বিশ্ববিদ্যালয়ের বাস অবরুদ্ধ করে হাটহাজারী এলাকায় স্থানীয় ছাত্রদল কর্তৃক চুয়েটের শিক্ষার্থীদের মারধরের অভিযোগও করেন চুয়েট শিক্ষার্থীরা। 

এর আগে সোমবার সকাল আটটার পর ছাত্রদল নেতাদের সাথে নিয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এরপর সোমবার দুপুর ১২ টা পর্যন্ত  ভিসির দপ্তর ছেড়ে যাবার আল্টিমেটাম দেয়  শিক্ষার্থীরা। 

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়।  এর প্রতিবাদে এবং সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে

পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন চুয়েট শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই দাবীর প্রতি সংহতি জানিয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও একই দাবিতে ওই দিন থেকে কর্মবিরতি পালন করে আসছেন।  যার ফলে গত ২১ দিন ধরে বন্ধ রয়েছে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। হয়নি কোনো ক্লাস ও পরীক্ষা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত