• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বছরজুড়ে অপেক্ষা নয়, এসএসসিতে ২ বিষয়ে ফেল করলে ১৫ দিনেই পরীক্ষা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বছরজুড়ে অপেক্ষা নয়, এসএসসিতে ২ বিষয়ে ফেল করলে ১৫ দিনেই পরীক্ষা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ঝরে পড়া শিক্ষার্থীদেরকে আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এসএসসিতে যারা দুটি বিষয়ে ফেল করবে তাদেরকে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ফেইলের লিগাসি বছরের পর বছর হবে না। সরকার শিক্ষার্থীদের জন্য বছরের পর বছর পরীক্ষা নেওয়া অথবা কালক্ষেপণ করার সুযোগ দিবে না। এ ভাবে যারা  এগোতে পারবে না তাদেরকে নিয়ে যাওয়া হবে কারিগরি শিক্ষা ব্যবস্থায়। 
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ায় ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশনের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 
‎
‎পল্লী উন্নয়ন একাডেমি- আরডিএ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলী। অন্যান্যের মধ্যে বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ ও মন্ত্রীর সহধর্মিনী নাজমুন নাহার বেবী বক্তব্য দেন। পরে মন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। 
‎
‎শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিয়ে সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এখান থেকে বেড়িয়ে আসতে হবে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং নৈতিকতা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। এর মাধ্যমে সরকার একটি প্রজন্মকে নৈতিকভাবে উন্নত করার কাজ শুরু করেছে। এরই মধ্যে প্রাথমিক খেলাধুলা শুরু করা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে হচ্ছে এবং প্রধানমন্ত্রী গোল্ডকাপ হচ্ছে।  একই সাথে উৎসবমুখর পরিবেশে পড়ালেখা ও খেলাধুলার সমন্বয় করা হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত