একজন পরীক্ষার্থী, তাও পাস করেননি— কুমিল্লা বোর্ডে এমন প্রতিষ্ঠান তিনটি
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন তিনটি প্রতিষ্ঠানে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র একজন করে পরীক্ষার্থী। তিনজনই অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—লালমাইয়ের সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর পৌর শহীদ জাবেদ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লক্ষ্মীপুরের ক্যামব্রিজ সিটি কলেজ।
এ তিনটিসহ বোর্ডের অধীন ১৫টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম।
অন্যদিকে, বোর্ডের অধীন ৪৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং মোজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এবার বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন। তিনি জানান, ছেলেদের তুলনায় মেয়েদের ফল ভালো হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: