এইচএসসি ফলাফল
ফেনীতে ছাত্রদের চেয়ে পাসের হারে ১৪.৯২ শতাংশ ব্যবধানে এগিয়ে ছাত্রীরা
এইচএসসি পরীক্ষার ফলে ফেনীতে ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এবার জেলায় ছাত্রীদের পাসের হার ৫৮ দশমিক ২৬ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৪৩ দশমিক ৩৪ শতাংশ। দুই বিভাগের পাসের হারে ব্যবধান ১৪ দশমিক ৯২ শতাংশ পয়েন্ট।
শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল এবং জেলা শিক্ষা অফিস (মাধ্যমিক) সূত্রে এ তথ্য জানা গেছে। জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেনী জেলায় এবার ৯ হাজার ৪৭১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৯৪০ জন। জেলায় মোট পাসের হার ৫২ দশমিক ১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন।
জেলার ৪১টি কলেজের শিক্ষার্থীরা ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৮৭২ জন এবং ছাত্রী ৫ হাজার ৫৯৯ জন।
উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১ হাজার ৬৭৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৬২ জন। অর্থাৎ, ছাত্রদের তুলনায় ১ হাজার ৫৮৪ জন বেশি ছাত্রী পাস করেছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে পাসের হারে ফেনীর অবস্থান দ্বিতীয়। ফেনীর ওপরে রয়েছে শুধু কুমিল্লা। জেলাটিতে পাসের হার ৫৩ দশমিক ৫২ শতাংশ। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ দশমিক ১৫, চাঁদপুরে ৪৫ দশমিক ৩৫, লক্ষ্মীপুরে ৪১ দশমিক ২৯ এবং নোয়াখালীতে ৩৮ দশমিক ৯০ শতাংশ।
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৪৮ দশমিক ৪ শতাংশ। সে হিসাবে বোর্ডের গড়ের চেয়ে ফেনীতে পাসের হার ৩ দশমিক ৭৬ শতাংশ পয়েন্ট বেশি।
বিভি/এজেড













মন্তব্য করুন: