এইচএসসিতে জেলায় শীর্ষে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অভাবনীয় সাফল্য দেখিয়ে জয়পুরহাট জেলায় শীর্ষস্থান অর্জন করেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। শতভাগ পাসের পাশাপাশি প্রতিষ্ঠানটির ঈর্ষণীয় ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
চলতি বছর জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে মোট ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৪৮ জনই অর্জন করেছে জিপিএ-৫।
এদিকে জেলার অন্যান্য শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জয়পুরহাট সরকারি কলেজ থেকে মোট ১ হাজার ১৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন এবং পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া জয়পুরহাট সরকারি মহিলা কলেজ থেকে ৭৩১ জন অংশ নিয়ে পাস করেছে ৪৪৭ জন। প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পেয়েছে ১২ জন এবং পাসের হার ৬১ দশমিক ১৫ শতাংশ।
ফলাফল পর্যালোচনায় দেখা যায়, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির অনুপাতে জেলায় একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে গার্লস ক্যাডেট কলেজ।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এটি হঠাৎ পাওয়া কোনো ফলাফল নয়; বরং বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা এবং কলেজ অধ্যক্ষের সুযোগ্য তত্ত্বাবধানে এই ঈর্ষণীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
কৃতী শিক্ষার্থীরা তাদের এই চমৎকার ফলাফলের পেছনে কলেজের সার্বিক ব্যবস্থাপনা, সম্মানিত শিক্ষকদের নিষ্ঠা এবং অভিভাবকদের সার্বক্ষণিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. ইয়াছিন আলী সন্তোষ প্রকাশ করে জানান, শিক্ষক ও ক্যাডেটদের অক্লান্ত পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে। আগামীতেও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এই সাফল্যের ধারা অক্ষুণ্ণ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: