• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১২ জন শিক্ষক, শিক্ষার্থীর সংখ্যা ৭; এইচএসসিতে সবাই ফেল!

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
১২ জন শিক্ষক, শিক্ষার্থীর সংখ্যা ৭; এইচএসসিতে সবাই ফেল!

ফেনীর বীকন মডেল কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেখা দিয়েছে চরম ফল বিপর্যয়। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া সাত শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অথচ কলেজটিতে শিক্ষক রয়েছেন ১২ জন। শতভাগ অকৃতকার্যতার এ ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

সরেজমিনে কলেজটিতে গিয়ে দেখা যায়, পুরো আঙিনা বনলতা ও আগাছায় ঢেকে আছে। দীর্ঘদিনের অবহেলায় কলেজের পরিবেশ হয়ে পড়েছে অপরিচ্ছন্ন। এমনকি দরজার তালাতেও ধরেছে মরিচা। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে শিক্ষার স্বাভাবিক পরিবেশেরও যেন ছিটেফোঁটা নেই।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, নামসর্বস্ব প্রতিষ্ঠান খুলে রাখার কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় ফেনীর সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সুনামও প্রশ্নের মুখে পড়ছে।

তাদের দাবি, শিক্ষার নামে প্রতিষ্ঠান পরিচালনা করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়ার সুযোগ বন্ধ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের উচিত, প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, শিক্ষক উপস্থিতি ও পাঠদানের মান খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ এস এম মাসুম বিল্লাহ জানান, অকৃতকার্য সাত শিক্ষার্থী তাদের কলেজের নিয়মিত শিক্ষার্থী নয়। গত দুই বছর ধরেই কলেজের কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। নতুন করে কলেজের কার্যক্রম সচল করার পরিকল্পনা করছেন তারা।

তবে দুই বছর ধরে কলেজের কার্যক্রম প্রায় বন্ধ থাকলে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ওই সাত শিক্ষার্থী কীভাবে অংশ নিল—এমন প্রশ্ন করা হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: