• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শতভাগ পাসের সাফল্য অক্ষুণ্ন ফেনী গার্লস ক্যাডেট কলেজের

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৯, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শতভাগ পাসের সাফল্য অক্ষুণ্ন ফেনী গার্লস ক্যাডেট কলেজের

টানা চার বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ার রেকর্ড ধরে রাখতে পারেনি ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ২০২৬ সালের পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য থাকলেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবার প্রতিষ্ঠানটি থেকে ৬১ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

কলেজটির গত চার বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালে ৪৮ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেন। এর আগে ২০২৪ সালে ৫৫ জন, ২০২৩ সালে ৫৭ জন এবং ২০২২ সালে ৫৫ জন পরীক্ষার্থীর প্রত্যেকেই সর্বোচ্চ এই গ্রেড পেয়েছিলেন। অর্থাৎ, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার বছর শতভাগ জিপিএ-৫ অর্জনের রেকর্ড ছিল প্রতিষ্ঠানটির। চলতি বছর সেই ধারাবাহিকতায় ছেদ পড়লেও শতভাগ পাসের সাফল্য অক্ষুণ্ন রয়েছে।

এদিকে, এবারের এইচএসসি পরীক্ষায় ফেনী জেলার ৪১টি কলেজের শিক্ষার্থীরা ১১টি কেন্দ্রে অংশ নেন। জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯ হাজার ৪৭১ জন। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৮৭২ জন এবং ছাত্রী ৫ হাজার ৫৯৯ জন।

এবার জেলায় মোট উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৬৭৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৬২ জন। জেলায় সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছেন ১৪১ জন শিক্ষার্থী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: