• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১০ বছর পর জবি ক্যাম্পাসে জেমস, গানে উচ্ছ্বাস শিক্ষার্থীদের

প্রকাশিত: ০৭:২৬, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
১০ বছর পর জবি ক্যাম্পাসে জেমস, গানে উচ্ছ্বাস শিক্ষার্থীদের

দীর্ঘ ১০ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে ফিরে সংগীত পরিবেশন করলেন জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল জেমস। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে তার জনপ্রিয় গানে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। প্রিয় শিল্পীকে সরাসরি দেখতে ও তার সঙ্গে কণ্ঠ মেলাতে ক্যাম্পাসে জড়ো হন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে শুরু হয় নগরবাউল জেমসের সংগীত পরিবেশনা। তার গান, শিক্ষার্থীদের করতালি আর উল্লাসে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

এর আগে ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছিলেন জেমস। দীর্ঘ বিরতির পর আবারও ক্যাম্পাসে তার উপস্থিতি শিক্ষার্থীদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে ওঠে। পরিবেশনার সময় প্রিয় শিল্পীর সঙ্গে জনপ্রিয় গানগুলোতে কণ্ঠ মেলান শিক্ষার্থীরা।

এদিকে, জেমসের সংগীত পরিবেশনাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠানে নগরবাউল জেমসকে আবারও আনার উদ্যোগ নেওয়া হবে। তার এ আশ্বাসে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০২৬ সালের ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যে দীপ্তপ্রাণ—ঐক্যবদ্ধ জবিয়ান’। দিনব্যাপী নানা কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে নগরবাউল জেমসের কনসার্ট অনুষ্ঠিত হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত