প্রদীপের স্নিগ্ধ আলোয় প্রজ্বলিত গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে প্রদীপ ও মোমবাতির স্নিগ্ধ আলোয় আলোকিত হয়ে উঠেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাস। উৎসবকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
রবিবার (৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন বাণী অর্চনা সংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে মূল ফটক পর্যন্ত প্রায় দেড় হাজার প্রদীপ প্রজ্বালন করা হয়।
আয়োজনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী জ্যোতির্ময় কুন্ডু জ্যোতি বলেন, ‘দীপাবলি শুধু আলোর উৎসব নয়, এটি অন্ধকারের বিরুদ্ধে আলোর, অসত্যের বিরুদ্ধে সত্যের এবং অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। এই উৎসবের মূল শিক্ষা হলো, আমাদের মন থেকে হিংসা, বিদ্বেষ ও কুসংস্কার দূর করে জ্ঞান, মানবতা ও সম্প্রীতির আলো ছড়িয়ে দেওয়া। আমরা যেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করতে পারি এবং একে অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হই।’
বাণী অর্চনা সংঘের সভাপতি বিনয় চন্দ্র বারই বলেন, দীপাবলি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও আলোর উৎসব। এটি মূলত অন্ধকার ও অজ্ঞতার ওপর আলো, জ্ঞান এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়া। অত্যন্ত সফল ও শান্তিপূর্ণভাবে আজকের এই উৎসব সম্পন্ন হওয়ায় আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমাদের প্রিয় শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সবার সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এই আয়োজনকে সার্থক ও প্রাণবন্ত করে তুলেছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: