বেরোবিতে ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ উদ্বোধন
শিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক যোগাযোগের পরিধি বিস্তৃত করার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নবপ্রতিষ্ঠিত ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ (Office of the International Affairs)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়টির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ প্রতিষ্ঠার মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন, বিদেশি শিক্ষার্থী ভর্তি এবং দেশীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বৃত্তি, এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং মানসম্মত গবেষণার নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: