• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ছাত্রলীগ-সংশ্লিষ্টদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জবি ছাত্রদলের

রিফাত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৫:১৯, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:১৯, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ছাত্রলীগ-সংশ্লিষ্টদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তৎপরতা ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মিছিল চলাকালে ‘ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আপা আপা করিস না, পিঠের চামড়া থাকবে না’ এবং ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মিছিল শেষে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি অভিযোগ করেন, অতীতে জবি ছাত্রলীগের কমিটিতে পদ-পদবি পাওয়া অনেকেই এখনো বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। এ ছাড়া শিক্ষক ও কর্মকর্তা পর্যায়েও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উপস্থিতি রয়েছে বলে দাবি করেন তিনি।

হিমেল বলেন, ‘আমরা বিগত সময়ে দেখেছি, জবি ছাত্রলীগের কমিটিতে বর্তমানে অনেকেই পদে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও কর্মকর্তাও ক্যাম্পাসে রয়েছেন, যাঁরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আপনাদের সম্মানের কথা বিবেচনা করে আমরা কিছু বলি না। তবে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেলে আপনাদের আর ক্যাম্পাসে আসতে দেওয়া হবে না।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, ক্যাম্পাসে কেউ যেন মব সৃষ্টি কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ছাত্রদলের কোনো আপত্তি নেই। তবে কেউ ছাত্রলীগের উদ্দেশ্য বাস্তবায়ন কিংবা নীল দলের স্বার্থে কাজ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ভবিষ্যতে ছাত্রদল সংশ্লিষ্টদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থী এবং শিক্ষকদের একটি তালিকা আগের উপাচার্যের সময়ে প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন হিমেল। তিনি বলেন, ‘আগের উপাচার্যের সময়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কিছু শিক্ষার্থী ও শিক্ষকের তালিকা আমরা প্রশাসনকে দিয়েছিলাম। সেই তালিকা দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে সবাই শিক্ষার্থী বা শিক্ষক পরিচয়ে অবস্থান করবেন, এতে সমস্যা নেই। কিন্তু শিক্ষক কিংবা শিক্ষার্থীর পরিচয়ের আড়ালে কেউ যদি ছাত্রলীগের নেতা হিসেবে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে আসেন, তাঁদের ছাড় দেওয়া হবে না।’

এ সময় ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়েও সমালোচনা করেন ছাত্রদলের এই আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে শিবিরের পক্ষ থেকে দৃশ্যমান কোনো প্রতিবাদ দেখা যায়নি। হিমেল বলেন, ‘আমরা এই ক্যাম্পাসে গুপ্ত লীগের কোনো প্রতিবাদ দেখতে পাইনি। শিবির আগে গুপ্ত লীগ ছিল, তাই তাদের ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়নি। সামনের দিনে গুপ্ত লীগ ও গুপ্ত শিবির পরিচয়ে যারা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে।’

বিক্ষোভ মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী কিংবা কর্মকর্তা-কর্মচারীর পরিচয় ব্যবহার করে কেউ যেন নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা বা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে না পারে, তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: