যে খাতে বিদেশি কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার পাম তেল শিল্পে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমাতে বাগান কোম্পানিগুলোকে যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর শর্ত দিয়েছেন তিনি।
সম্প্রতি এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় আনোয়ার ইব্রাহিম বলেন, পাম তেল শিল্পে শ্রমিকের চাহিদা রয়েছে। বিশেষ করে পাম ফল সংগ্রহের কাজে এখনো বিপুলসংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়। এ পরিস্থিতি মোকাবিলায় কোম্পানিগুলোকে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
আলোচনা সভায় এক শিল্পপ্রতিনিধি জানান, বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদনে বিলম্ব হলে আগামী বছর পাম তেল উৎপাদন ব্যাহত হতে পারে। সার প্রয়োগ ও আগাছা পরিষ্কারের কাজে যন্ত্রপাতি ব্যবহার করা হলেও পাম ফল সংগ্রহের ক্ষেত্রে এখনো মূলত শ্রমিকদের ওপর নির্ভর করতে হচ্ছে।
এর জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিদেশি কর্মী নিয়োগের আবেদন পর্যালোচনা করা হবে। পাম ফল সংগ্রহের জন্য নির্দিষ্টভাবে বিদেশি শ্রমিক প্রয়োজন হলে নিয়োগের অনুমোদন দেওয়া হবে। তবে একই সঙ্গে যান্ত্রিকীকরণের মাধ্যমে বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমানোর অঙ্গীকার করতে হবে কোম্পানিগুলোকে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, পাম তেল বাগান পরিচালনাকারী অনেক কোম্পানি ভালো মুনাফা করলেও আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারে পর্যাপ্ত বিনিয়োগ করছে না। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। পাশাপাশি বিদেশি কর্মীদের শোষণ এবং অস্বাস্থ্যকর ও নিম্নমানের আবাসনে রাখার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও সতর্ক করেন তিনি।
কৃষি খাতের বৃহত্তর সংস্কারের বিষয়ে আনোয়ার ইব্রাহিম ক্ষুদ্র কৃষকদের আধুনিকায়নের আওতায় আনার ওপরও গুরুত্ব দেন। তার মতে, শুধু ভর্তুকি ও সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কৃষকদের দীর্ঘমেয়াদি নির্ভরশীলতা তৈরি করতে পারে। তাই কৃষি উৎপাদন বাড়াতে প্রযুক্তি, দক্ষতা ও আধুনিক ব্যবস্থাপনার প্রসার ঘটানো জরুরি।
এদিকে মালয়েশিয়ার কৃষি ও খাদ্যনিরাপত্তামন্ত্রী মোহাম্মদ সাবু জানিয়েছেন, গত দুই বছরে দেশটির অর্থনীতিতে কৃষি খাতের অবদান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান ৫০০ কোটি রিঙ্গিতেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের মধ্যে, বিশেষ করে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করা তরুণদের আধুনিক কৃষি খাতের প্রতি আগ্রহ বাড়ছে। তাদের কেউ কেউ জলজ চাষ ও উচ্চমূল্যের ফসল উৎপাদনের মাধ্যমে কোটিপতি হয়েছেন।
মালয়েশিয়ার পাম তেল শিল্পে উৎপাদন অব্যাহত রাখা, বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই সরকারের এ অবস্থানকে দেখা হচ্ছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: