• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মাভাবিপ্রবি ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৩

হাসিব এম প্রিন্স, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৯:৩৭, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাভাবিপ্রবি ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৩

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তিন বহিরাগতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। আটক ব্যক্তিরা নিজেদের ছাত্রদলের কর্মী বলে দাবি করলেও তাদের সাংগঠনিক পরিচয়ের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি সেখানে এসে ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। আটক দুটি মোটরসাইকেলের কোনোটিতেই নম্বরপ্লেট ছিল না বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাব্বি (২২) ও সিয়াম (২০) এবং টাঙ্গাইল সদর এলাকার আলবি (২২)। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তাদের কেউই মাভাবিপ্রবির শিক্ষার্থী নন।

আটকের পর তারা নিজেদের ছাত্রদলের কর্মী বলে পরিচয় দেন। তবে কোন ইউনিটের সদস্য কিংবা সাংগঠনিকভাবে তাদের কোনো পদ রয়েছে কি না, তার সপক্ষে পরিচয়পত্র বা অন্য কোনো প্রমাণ দেখাতে পারেননি। এ সময় আটক ব্যক্তিদের একজনের মুঠোফোনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে তোলা একটি ছবি দেখানো হয়।

বিষয়টি যাচাই করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু তাৎক্ষণিকভাবে মুঠোফোনে আহমেদ আযম খানের সঙ্গে যোগাযোগ করেন। সাজিদ ইসলাম দিপুর দাবি, আহমেদ আযম খান আটক ব্যক্তিদের কাউকে চেনেন না এবং তারা দলের কোনো পদে নেই বলে জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে কী উদ্দেশ্যে কিংবা কার নির্দেশনায় তারা ক্যাম্পাসে এসেছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।


ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, এস্টেট অফিসের পরিচালক ড. আবু জাফর আহমেদ শিবলী এবং সহকারী প্রক্টর ড. মো. আব্দুল কুদ্দুস ও আনোয়ার কবির ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়।

এদিকে, গত ১০ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জনের প্রতিবাদ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের আটকের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু। সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের ভূমিকা, ক্যাম্পাসে বহিরাগতদের তৎপরতা এবং আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।

 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত