জবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতা রেজওয়ান ৩ দিনের রিমান্ডে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল রেজওয়ানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী ও শরিফুল ইসলামসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে।
উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত রেজওয়ানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যা পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আটকের পর জিজ্ঞাসাবাদে রেজওয়ান ঘটনার সঙ্গে এজাহারভুক্ত অন্য আসামিদের পাশাপাশি অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা এ বিস্ফোরণ ঘটিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এদিকে আটকের পর উত্তেজিত জনতার মারধরের শিকার হন রেজওয়ান। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসাইন বাদী হয়ে রেজওয়ান, এজাহারভুক্ত অন্য আসামি এবং অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিস্ফোরণের ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করা এবং ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।
বিভি/আরএইচ/এজেড













মন্তব্য করুন: