পেছানো হচ্ছে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের আবেদনে থাকছে শর্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে এইচএসসি ও সমমান পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ভর্তি যোগ্যতা অর্জন করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন। সিদ্ধান্তের বিস্তারিত জানিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সভাসংশ্লিষ্ট শিক্ষকদের দেওয়া তথ্য অনুযায়ী, ইউনিটভিত্তিক ভর্তি যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৩ অথবা ৩.৫ পাওয়া শিক্ষার্থীরা প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশিত হলে নির্ধারিত যোগ্যতা অর্জনকারীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নির্ধারিত যোগ্যতা অর্জন করতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদন বাতিল করা হবে। এ ক্ষেত্রে আবেদন ফি ফেরত দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আবেদন ফি অফেরতযোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।
সভায় উপস্থিত একটি অনুষদের ডিন বলেন, ‘এইচএসসিতে যাঁরা দুই বিষয়ে ফেল করেছেন, তাঁরা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করতে পারেন, তাহলে তাঁদের ভর্তি পরীক্ষায় বসার সুযোগ রাখা হচ্ছে। নির্ধারিত শর্ত অনুযায়ী জিপিএ অর্জন করতে হবে। এসএসসিতে যাঁদের ইতোমধ্যে ৩ বা সাড়ে ৩ জিপিএ রয়েছে, তাঁরা এ সুযোগ পাবেন।’
আবেদন করার পর চূড়ান্ত যোগ্যতা অর্জন করতে না পারলে ফি ফেরত দেওয়া হবে কি না, জানতে চাইলে ওই ডিন বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু বলেন, ‘আগের ঘোষিত তারিখেই ভর্তি পরীক্ষা হবে। এইচএসসিতে দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ পাবে। আগামীকাল বিশ্ববিদ্যালয় থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।’
এর আগে বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপাচার্যের কনফারেন্স কক্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষার সময়সূচি
বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষণা অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই-এর মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ইউনিট-এ-এর পরীক্ষা ২০২৭ সালের ১ জানুয়ারি (শুক্রবার), ইউনিট-ই-এর ৮ জানুয়ারি (শুক্রবার), ইউনিট-বি-এর ১৫ জানুয়ারি (শুক্রবার), ইউনিট-সি-এর ২২ জানুয়ারি (শুক্রবার) এবং ইউনিট-ডি-এর পরীক্ষা ২৩ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে।
বিভি/আরএইচ/এজেড













মন্তব্য করুন: