• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী পেলেন সেরা লেখক ও সংগঠক সম্মাননা

রিফাত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৯:৪৫, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪৫, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী পেলেন সেরা লেখক ও সংগঠক সম্মাননা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তরুণ লেখক সংঘের উদ্যোগে ‘লেখক সম্মেলন ও নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে ১৭ শিক্ষার্থীকে ‘সেরা লেখক’ এবং সাতজনকে ‘সেরা সংগঠক’ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জবি তরুণ লেখক সংঘের সভাপতি সাদিয়া সুলতানা রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আশাদুল্লাহেল গালিব এবং সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে সেরা লেখক হিসেবে সম্মাননা পেয়েছেন সুরাইয়া বিনতে হাসান, সাদিয়া ইসলাম কাশফিয়া, মো. তানজিম হোসেন, তানিয়া আক্তার, লাবণী আক্তার কবিতা, লাবণী আক্তার শিমলা, ফারিহা জামান নাবিলা, আরাফাত নাফিস, সানিয়া তাসনিম লামিয়া, আরমিন আমিন ঐশী, আর্শি আক্তার সানি, লুৎফুন্নাহার, মো. আরিফুল ইসলাম রাফি, জান্নাতুল ফেরদৌস জেরিন, নুসরাত জাহান স্মরণিকা, মো. রিশাদ আহমেদ এবং প্রযুক্তা রায় অন্তি।

অন্যদিকে, সাংগঠনিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে সাতজনকে ‘বেস্ট অর্গানাইজার’ বা সেরা সংগঠক সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া সুলতানা রিমি, সাংগঠনিক সম্পাদক হেনা শিকদার, সম্পাদনা পর্ষদের রিফাত হোসেন, অর্থ সম্পাদক মো. গোলাম মাওলা হাবিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আতিয়া তাহিরা ইতুমনি, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরমান হোসেন এবং প্রচার সম্পাদক মো. মুসাব্বির। অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে সেরা লেখক সুরাইয়া বিনতে হাসান বলেন, "আজ আমি খুবই খুশি এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই সম্মাননা আমাকে সামনে আরও ভালো লিখতে অনুপ্রাণিত করবে।"

আরেক সেরা লেখক আরাফাত নাফিস বলেন, "আমাদের ভেতরের লেখকসত্তার পূর্ণ জাগরণ ঘটিয়েছে জবি তরুণ লেখক সংঘ। আমার মতো নবীন লেখকদের জন্য এই স্বীকৃতি অনেক বড় সম্মানের।"

বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে লেখা প্রদর্শনী, সেমিনার, ক্যারিয়ার গঠনবিষয়ক আলোচনা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভি/জবি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত