চুয়েটের অচলাবস্থা নিরসন না হওয়ায় ফের আন্দোলনের হুঁশিয়ারি, মধ্যরাতে বিক্ষোভ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ ঘিরে অচলাবস্থার কারণে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ায় এবং দীর্ঘদিন পার হলেও চুয়েটের অচলাবস্থা নিরসন না হওয়ায় আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে চুয়েট শিক্ষার্থীরা। সোমবার (২৪ নভেম্বর) মধ্যরাতে আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে মতবিনিময় শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন চুয়েট শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে ঘিরে সৃষ্ট অচলাবস্থার প্রভাব পড়ছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে । ভিসি ক্যাম্পাসে না থাকায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক অনুমোদন ও আর্থিক ছাড় আটকে গেছে, যার ফলে জমেছে প্রায় দুই কোটি ৩০ লাখ টাকার বকেয়া। এতে যেমন দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে, তেমনি সময়মতো বকেয়া পরিশোধ না হলে জ্বালানি সরবরাহ বন্ধসহ জরুরি সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু হয়। পরে শিক্ষক ও কর্মকর্তারাও আন্দোলনে সংহতি জানালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। ১২ অক্টোবর নতুন ভিসি তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে অবরুদ্ধ করা হয় এবং পরদিন জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে উদ্ধার করেন। পরে চুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে চুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের পরামর্শক কমিটি। এসব আলোচনার ভিত্তিতে পরিস্থিতির উন্নয়নে সরকারকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছিলেন কমিটির সদস্যরা।তবে পরবর্তীতে তাদের সুপারিশ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। দীর্ঘ অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে শুরু করলেও উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্ট বিরোধের এখনো কোনো দৃশ্যমান সমাধান হয়নি।
বিভি/এসজি













মন্তব্য করুন: