যে ২২ উপজেলার সব শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার
দেশের ২২টি অনগ্রসর উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আবেদনযোগ্য শিক্ষার্থীরা এ সুবিধা পাবে। আগে ১০টি উপজেলায় এ কর্মসূচি চালু থাকলেও নতুন করে আরও ১২টি উপজেলা যুক্ত হওয়ায় উপবৃত্তির আওতা বাড়ছে।
কর্মসূচি সম্প্রসারণের ফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে উপবৃত্তির মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজার। এর মধ্যে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী সর্বজনীনভাবে উপবৃত্তি পাবে। অন্যদিকে, প্রচলিত দারিদ্র্যভিত্তিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে ছাত্রদের উপবৃত্তি দেওয়া হবে।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন করে যুক্ত হওয়া উপজেলাসহ উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত ২২টি উপজেলা হলো—নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা।
উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অর্জন, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত অবিবাহিত থাকা।
বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ বা হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রামের পরিধি বাড়ানো হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা। কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ প্রকল্পের চতুর্থ সংশোধনীর মাধ্যমে কর্মসূচির পরিধি বাড়ানোর পাশাপাশি ব্যয়ও বৃদ্ধি করা হয়েছে।
গত ৮ অক্টোবর এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত দেয় অর্থ বিভাগ। পরে ১১ নভেম্বর প্রকল্পের নথি অনুমোদন করা হয়। এর পরদিন ১২ নভেম্বর প্রশাসনিক অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এ উদ্যোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, দেশের আর্থসামাজিক রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং নারী শিক্ষার প্রসারে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চালু করা উপবৃত্তি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ওই কর্মসূচির আওতায় প্রত্যন্ত অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার ছাত্রীদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হয়। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেয়েদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসে।
তিনি বলেন, ওই কর্মসূচির মাধ্যমে শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর যে অগ্রগতি হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে। নারী শিক্ষার প্রসারে খালেদা জিয়ার এ উদ্যোগ ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হবে।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগের সফল কর্মসূচির ধারাবাহিকতায় সারা দেশে ছাত্রীদের জন্য শতভাগ উপবৃত্তি কার্যক্রম আবার চালু হতে যাচ্ছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: