• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিপদ সামলাতে খাদ্য মজুদের পরামর্শ বিজ্ঞানীদের

করোনার চেয়েও বড় বিপদ আসছে ২০২৭ সালে!

প্রকাশিত: ১২:২৯, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৬, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
করোনার চেয়েও বড় বিপদ আসছে ২০২৭ সালে!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’র দ্রুত অগ্রগতি বিশ্বকে নতুন সম্ভাবনার সামনে দাঁড় করালেও এর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ। বিশেষ করে নিজে সিদ্ধান্ত নেওয়া, সাইবার হামলা পরিচালনা এবং নিজস্ব সক্ষমতা বাড়াতে পারা উন্নত এআই ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন এক গবেষক। 

তাঁর আশঙ্কা, যথাযথ নিয়ন্ত্রণ নিশ্চিত করা না গেলে আগামী ২০২৭ সালেই এআইকে কেন্দ্র করে এমন সংকট তৈরি হতে পারে, যার প্রভাব করোনাভাইরাস মহামারির চেয়েও ব্যাপক হতে পারে।

নিকোলা জুরকোভিচ, কাজ করেন উন্নত এআই ব্যবস্থার সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়নে কাজ করা অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান METR-এর একজন সদস্য হিসাবে। গত ২৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) পরিবার ও স্বজনদের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেন তিনি। সেখানে এআইয়ের ভবিষ্যৎ নিয়ে নিজের দীর্ঘদিনের উদ্বেগের কথা তুলে ধরেন।

খোলা চিঠিতে বিজ্ঞানী জুরকোভিচ লিখেছেন, এআইয়ের ওপর মানুষের নিয়ন্ত্রণ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। চলতি বছর বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় এআই ব্যবহার করে হামলার মতো ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি। 

ক্রমেই এআই’র নিয়ন্ত্রণ হারাচ্ছে মানুষ

তিনি বলেন, এআই ব্যবস্থা মানুষের নিয়ন্ত্রেয়ের বাইরে চলে গেলে বড় ঝুঁকির মুখে পড়বে গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিদ্যুৎ সরবরাহ, আর্থিক ব্যবস্থা, যোগাযোগ ও সরকারি পরিষেবার মতো গুরুত্বপূর্ণ খাতে সাইবার হামলা চালাতে এআইয়ের সক্ষমতা অপব্যবহার করা হতে পারে।

তিনি আশঙ্কা করে বলেন, ২০২৭ সালের মধ্যেই কোনো কোনো এআই ব্যবস্থা মানুষের সর্বোচ্চ বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে। উদ্বেগের বিষয় হলো, ভবিষ্যতে এআই নিজেই নিজের সক্ষমতা উন্নত করতে পারলে প্রযুক্তিটির বিকাশের গতি মানুষের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাকে ছাড়িয়ে যেতে পারে।

জুরকোভিচের ব্যক্তিগত মূল্যায়ন বলছে, এআই উন্নয়নের চলমান প্রতিযোগিতা চলতে থাকলে ২০৩০ সালের আগেই মানবজাতি অস্তিত্বগত সংকটে পড়তে পারে। এমনকি মানুষের অস্তিত্ব বিলীন হওয়া কিংবা নিজেদের ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কাকেও তিনি উড়িয়ে দিচ্ছেন না।

 বদলে যাবে চাকরির বাজার 

এআই এর প্রভাব নিরাপত্তা ও মানব অস্তিত্বের ঝুঁকিতেই সীমাবদ্ধ নয়। কর্মসংস্থান ও বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মত এই গবেষকের।

তাঁর ধারণা, আগামী এক দশকের মধ্যে বর্তমানে প্রচলিত অনেক পেশার অস্তিত্ব বিলুপ্ত হতে পারে। বিশেষ করে কম্পিউটারনির্ভর ও দাপ্তরিক কাজের বড় একটি অংশ এআইয়ের মাধ্যমে স্বয়ংক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থান হারাতে পারেন এবং প্রচলিত অর্থনৈতিক কাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে।

দুই সপ্তাহের খাবার, পানি ও নগদ টাকা রাখার পরামর্শ

জুরকোভিচ দুই সপ্তাহের খাবার প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন। সম্ভাব্য সংকট মোকাবিলায় তিনি তার পরিবারকে অন্তত দুই সপ্তাহের খাবার ও পানীয় সংরক্ষণ করে রাখার কথা বলেছেন। একই সঙ্গে কিছু নগদ টাকা হাতে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি মনে করেন বড় ধরনের প্রযুক্তিগত বা অবকাঠামোগত বিপর্যয় ঘটলে অনলাইন ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট কিংবা অন্যান্য আর্থিক পরিষেবা সাময়িকভাবে অচল হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে দৈনন্দিন প্রয়োজন মেটাতে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত কাজে আসতে পারে।

তিনি মনে করেন আগামী বছর এমন কোনো ঘটনা ঘটতে পারে, যার প্রভাব কোভিড-১৯ মহামারির চেয়েও বেশি মারাত্বক হতে পারে। 

এআই এর লাগাম টানা জরুরী 

এআইয়ের বিপদ এড়াতে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের আহ্বান এই গবেষকের। তাঁর মতে, উন্নত এআই তৈরির প্রতিযোগিতায় লাগাম টানতে হবে এবং প্রযুক্তি উন্নয়নের প্রতিটি পর্যায়ে কঠোর নিরাপত্তা ও জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এআই এর মারাত্বক প্রভাব নিয়ে শুধুমাত্র জুরকোভিচ ভবিষ্যত বাণী করেছেন বিষয়টি এমন নয়। নোবেলজয়ী এআই গবেষক ইয়োশুয়া বেনজিও এবং কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টনও উন্নত এআইয়ের সম্ভাব্য বিপদ সম্পর্কে বিভিন্ন সময়ে সতর্ক করেছেন। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত