একসাথে গিয়েছিলেন মাহফিলে, অসুস্থতার কথা বলে ফিরে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ
প্রতীকী ছবি
রংপুরের তারাগঞ্জে শ্যালকের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, শ্যালকের সঙ্গে ধর্মীয় মাহফিলে গিয়ে অসুস্থতার কথা বলে মাঝপথে বিদায় নেন ওই ব্যক্তি। পরে নিজের বাড়িতে না ফিরে শ্যালকের বাড়িতে গিয়ে এ ঘটনা ঘটান তিনি।
গ্রেফতার জাহাঙ্গীর আলমের (২৮) বাড়ি রংপুর মহানগরে। গত শুক্রবার দুপুরে তিনি তারাগঞ্জ উপজেলায় শ্যালকের বাড়িতে বেড়াতে যান। পরে শ্যালককে সঙ্গে নিয়ে স্থানীয় একটি ধর্মীয় মাহফিলে অংশ নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাহফিলে থাকা অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর তার শ্যালককে জানান, শরীর খারাপ লাগছে। ওষুধ কিনে বাড়ি ফিরে যাবেন বলে তিনি মাহফিল থেকে চলে যান। তবে তার শ্যালক মাহফিলে থেকে যান।
অভিযোগ, জাহাঙ্গীর নিজের বাড়িতে না গিয়ে ফিরে যান শ্যালকের বাড়িতে। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করেন তিনি। ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে জাহাঙ্গীরকে আটক করেন। এ সময় তাকে মারধরও করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে নিজেদের হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: