নারীদের প্রতি বিদ্বেষ নিয়ে হানিয়া আমিরের বিস্ফোরক মন্তব্য
পাকিস্তানের আলোচিত-সমালোচিত অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে নারীদের প্রতি বিদ্যমান বিদ্বেষ নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত থাকার পর তার এই ফিরে আসা ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। অবশেষে সেই নীরবতা ভেঙে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। ডনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক পোস্ট উল্লেখ করে হানিয়া জানান, কিছু সময়ের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। এই সময়টায় তিনি নিজের জীবন, মানসিক অবস্থা এবং ক্যারিয়ার নিয়ে গভীরভাবে ভাবতে চেয়েছেন। তবে এই বিরতির পেছনে যে অনলাইন বুলিং এবং ট্রলের প্রভাব ছিল, সেটিও তিনি অকপটে স্বীকার করেন। তার ভাষায়, নেতিবাচক মন্তব্য এবং অযাচিত সমালোচনা তাকে মানসিকভাবে নাড়া দিয়েছে।
হানিয়া বিশেষভাবে তুলে ধরেছেন সমাজে নারীদের প্রতি নারীদের বিদ্বেষের বিষয়টি। তিনি আক্ষেপ করে বলেন, আত্মবিশ্বাসী ও সুখী নারীদের অনেক সময়ই অন্য নারীদের কাছ থেকেই সমালোচনার মুখে পড়তে হয়। এই প্রবণতাকে তিনি ‘হেট ট্রেন’ বা ঘৃণার স্রোত হিসেবে অভিহিত করেছেন। তার মতে, অনেকেই অন্যকে ছোট করে নিজের মধ্যে এক ধরনের স্বস্তি খোঁজেন, যা একটি অসুস্থ সামাজিক মানসিকতার পরিচয়।
এছাড়া নারীদের চেহারা, গায়ের রং কিংবা সাফল্য নিয়ে যে অনলাইন আক্রমণ চলে, তারও তীব্র সমালোচনা করেন এই অভিনেত্রী। জনপ্রিয়তা অর্জনের পর প্লাস্টিক সার্জারি বা অসৎ উপায়ে সফল হওয়ার অভিযোগ তোলার প্রবণতাকে তিনি প্রশ্নবিদ্ধ করেন।
অনুসারীদের উদ্দেশ্যে হানিয়া প্রশ্ন ছুঁড়ে দেন—আমরা কি কাউকে শুধুমাত্র তার জনপ্রিয়তার জন্য ঘৃণা করি, নাকি তার সাফল্য ও জীবন উপভোগের স্বাধীনতাই আমাদের অস্বস্তির কারণ?
সবশেষে তিনি সবাইকে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। তার মতে, প্রত্যেক মানুষের নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে, এবং সেই স্বাধীনতাকে সম্মান জানানোই একটি সুস্থ সমাজের লক্ষণ।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: